হাসপাতালে ঢুকে ছুরিকাহত সাংবাদিকের ওপর আবার হামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে সাংবাদিক সোহেল রানা ওরফে ডালিমকে (৩৮) ছুরিকাঘাত করা হয়। এরপরও হামলাকারীরা ক্ষান্ত হননি। শহরের ইমারজেন্সি সড়কে ছুরিকাঘাতে আহত সাংবাদিকের শরীরে সেলাই চলাকালে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে হামলাকারীরা দ্বিতীয় দফায় ধারালো ক্ষুরের উপর্যুপরি পোচ দিয়ে তাঁকে ক্ষতবিক্ষত করেছেন।
গতকাল সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক সোহেল রানাকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ভাই মো. আরিফ বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক ইমার্জেন্সি সড়কের রাজু আহম্মেদ (২৯) এবং ফেরিঘাট রোডের অস্ত্রধারী ক্যাডার জান্নাত হোসেন (২৫) ও আল মোমিন (২৫)। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত তিনজন আসামিকেই গ্রেপ্তার করেছে।
আহত সাংবাদিক শহরের সিঅ্যান্ডবি–পাড়ার আবদুল করিমের ছেলে এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আমাদের নতুন সময় পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। বর্তমানে তিনি সদর হাসপাতালের চিকিৎসাধীন।
ছুরিকাঘাতে আহত সাংবাদিকের শরীরে সেলাই চলাকালে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে হামলাকারীরা দ্বিতীয় দফায় ধারালো ক্ষুরের উপর্যুপরি পোচ দিয়ে তাঁকে ক্ষতবিক্ষত করেছেন।
সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় আজ বেলা ১১টায় দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক নাজমুল হকের সভাপতিত্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবরসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন। বক্তারা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
হামলার শিকার সোহেল রানা বলেন, পেশাগত প্রয়োজনে গতকাল রাত আটটার দিকে শহরের ইমারজেন্সি সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে আবদুল্লাহ সিটি মার্কেটের কাছে সামনের একটি মোটরসাইকেলচালক হঠাৎ ব্রেক করলে হালকা ধাক্কা লাগে। এ সময় ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদসহ তিনজন তাঁকে দাঁড় করিয়ে প্রথমে মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে গালাগালি করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা ছুরি দিয়ে পেটে ও পিঠে আঘাত করেন। এ সময় হেলমেট হাতে নিয়ে আত্মরক্ষা করেন সোহেল রানা। সেখান থেকে একটি ইজিবাইকে করে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে যান। জরুরি বিভাগে সেলাই চলাকালেই হামলাকারীরা দ্বিতীয় দফায় ক্ষুরের পোচ দিয়ে কেটে ক্ষতবিক্ষত করেন তাঁকে।
জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাকিল আরসালান বলেন, পিঠে ধারালো অস্ত্রের বড় দাগ নিয়ে সাংবাদিক সোহেল রানা চিকিৎসা নিতে আসেন। সেলাই চলাকালে বহিরাগত ব্যক্তিরা এসে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। জরুরি বিভাগে কর্মরত সবার সামনেই এই হামলার ঘটনা ঘটে। আহত সোহেলের সারা শরীরে শতাধিক সেলাই করা হয়েছে। তিনি বলেন, ‘এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। হাসপাতালে এর আগে এমন ঘটনা কখনো দেখিনি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। হাসপাতালে এসে যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে তা খুবই দুঃখজনক।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।