হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ইউনিটে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসদের বরিশাল জেলা শাখা। মঙ্গলবার শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে
ছবি: সাইয়ান

বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতাল চত্বরে করোনা ইউনিটের সামনে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)।

বেলা সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনেরা অংশ নেন। তাঁরা চিকিৎসা পেতে হয়রানিসহ বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেন।

সমাবেশে বাসদের বরিশাল জেলার সদস্যসচিব মনীষা চক্রবর্তী বলেন, দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মূল কারণ অক্সিজেন সংকট। অক্সিজেন সংকট দূর না হলে করোনায় মৃত্যুর হার কমবে না। বরং মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।

মনীষা চক্রবর্তী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সর্বশেষ নির্ভরযোগ্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ এখানে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা নেই। কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট থাকলেও ৩০০ শয্যার করোনা ইউনিটে মাত্র ১২৮টি শয্যায় কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা আছে। কিন্তু এই হাসপাতালে প্রতিদিন প্রায় সাড়ে ৩০০ রোগী আসেন। যাঁদের ৮০ শতাংশের অক্সিজেনের মাত্রা থাকে ৭০-এর নিচে। তাঁদের সবারই সেন্ট্রাল অক্সিজেন অথবা আইসিইউ সুবিধা প্রয়োজন।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক ইমরান হাবিব বলেন, এখানে পদে পদে অব্যবস্থাপনার কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভালো চিকিৎসা পাওয়ার জন্য এসে অনেক রোগী লাশ হয়ে বাড়ি ফিরছেন। গত বছর করোনা শুরুর পর মঙ্গলবার পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ১ হাজার ১৩৪ জন মারা গেছেন। এর মধ্যে ৮০৫ জন উপসর্গ নিয়ে এবং ৩২৬ জন মারা গেছেন করোনায়।

ইমরান হাবিব আরও বলেন, ‘করোনা ওয়ার্ডে প্রতিদিন গড়ে সাড়ে ৩০০ রোগীর জন্য মাত্র চারজন চিকিৎসক দায়িত্ব পালন করেন। আইসিইউতে কোনো চিকিৎসক নেই। অক্সিজেন সিলিন্ডার চেয়েও রোগীরা পাচ্ছেন না। পাগলের মতো স্বজনেরা সিলিন্ডারের জন্য ছুটছেন। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বাসদের করোনা হেল্প সেন্টার থেকে এই হাসপাতালের অন্তত ২০ রোগীর অক্সিজেন চেয়ে ফোন পেয়েছি। এত বড় হাসপাতালে মাত্র ২২টি আইসিইউ শয্যা। স্বাস্থ্যব্যবস্থা কতটা ভঙ্গুর, তারই প্রতিফলন এই হাসপাতালের পদে পদে।’