নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন ধরে পানি নেই। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীরা। কবে থেকে পানি সরবরাহ হবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হাসপাতালে পানি সরবরাহ করে কালিয়া পৌর কর্তৃপক্ষ। জেনারেটর বিকল হওয়ায় পানির সরবরাহ বন্ধ আছে বলে জানিয়েছে পৌরসভা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট থেকে হাসপাতালের মূল ভবনে পানির লাইনে সরবরাহ বন্ধ। কালিয়া পৌরসভা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ করা হয়। হাসপাতালে পানির বিকল্প কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড মূল ভবনের দোতলায়। সেখানে থাকেন ভর্তি রোগীরা। করোনা রোগীদেরও রাখা হয় দোতলায়। সাধারণত ৫০-৬০ জন রোগী ভর্তি থাকেন প্রতিদিন। গতকাল মঙ্গলবার ভর্তি ছিলেন ৪০ জন। এর মধ্যে নারী রোগী ১৯, শিশু ৯ ও ১২ জন পুরুষ রোগী। করোনা ওয়ার্ডে ৬ জন ভর্তি আছেন।
হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, পানি সরবরাহ না থাকায় নিচের নলকূপ থেকে পানি নিতে হচ্ছে। এতে শৌচাগারে পর্যাপ্ত পানি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। পানির অভাবে হাসপাতালের মেঝে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। রোগীদের বিছানার চাদর ও অন্যান্য কাপড়ও পরিষ্কার করা কষ্টকর হচ্ছে। বহির্বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনে পানি ব্যবহার করতে পারছেন না। হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতালের নার্স সুপারভাইজার বিদিশা রায় বলেন, নিচে থেকে আয়ারা কলস ও বালতিতে করে পানি টেনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। এতে আয়াদের কষ্ট হচ্ছে। এরপরও প্রয়োজন অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা সম্ভব হচ্ছে না। রোগীরা বোতলে করে পানি এনে প্রয়োজনীয় কাজ সারছেন।
টয়লেটে প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করা সম্ভব না হওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ হয়েছে। মেঝে ও কাপড় পরিষ্কার করা যাচ্ছে না।রুনা বেগম, রোগীর স্বজন
রুনা বেগম তাঁর শিশুসন্তানকে হাসপাতালে ভর্তি করেছেন। তিন দিন ধরে তিনি হাসপাতালে আছেন। রুনা বেগম বলেন, ‘টয়লেটে প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করা সম্ভব না হওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ হয়েছে। মেঝে ও কাপড় পরিষ্কার করা যাচ্ছে না। এতে রোগীরা খুবই দুর্ভোগে আছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিক বলেন, ‘গত এক সপ্তাহের বেশি হাসপাতালে পানির লাইনে পানি নেই। একটি নলকূপ ছাড়া হাসপাতালে বিকল্প ব্যবস্থাও নেই। পৌরসভা থেকে এখানে পানি সরবরাহ করা হয়। শুনেছি, পৌরসভার পানির লাইনে সমস্যা হয়েছে। হাসপাতালে পানির বিকল্প ব্যবস্থা রাখতে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।’
পৌরসভা থেকে এখানে পানি সরবরাহ করা হয়। শুনেছি, পৌরসভার পানির লাইনে সমস্যা হয়েছে।কাজল মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কালিয়া
জানতে চাইলে কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান মুঠোফোনে বলেন, পৌরসভার পানি সরবরাহের বড় জেনারেটরটি বিকল
হয়ে পড়েছে। ছোট দুটি জেনারেটর দিয়ে অল্প পরিসরে পানি সরবরাহ করা হচ্ছে। বড় জেনারেটরটি মেরামত করতে খুলনায় পাঠানো হয়েছে। এর কয়েকটি যন্ত্রাংশ খুলনায়ও পাওয়া যাচ্ছে না। ঢাকা থেকে সেগুলো এনে জেনারেটরটি মেরামত করতে হবে। তাই একটু সময় লাগছে। বড় জেনারেটরটি চালু হলে হাসপাতালে পানির ব্যবস্থা হবে।