হাসপাতালের বিল পরিশোধে চাপ দেওয়ার অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি
সন্তান প্রসবের পর নারীকে হাসপাতালের বিল পরিশোধে চাপ দেওয়ার অভিযোগের সত্যতা পায়নি তদন্তকারী দল। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সন্তান বিক্রির ঘটনায় গঠিত তদন্ত দল আজ মঙ্গলবার এমন কথা জানিয়েছে।
আজ দুপুরে ওই কমিটির প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জমা হয়। এর আগে উপজেলার ‘পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’–এর বিরুদ্ধে প্রসূতিকে হাসপাতালের বিল পরিশোধে চাপ দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই নারী সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ওই নবজাতক বিক্রির ঘটনায় হাসপাতালটির কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কি না, নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। তিনিসহ তদন্ত কমিটির অন্য সদস্য অভিযোগকারী ওই নারী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি। অভিযোগকারী ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরাও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে কিছু বলেননি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ওই তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছেন। এতে হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। নবজাতক বিক্রির ঘটনাটি ওই নারীর নিজের ইচ্ছায় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। এ ছাড়া নবজাতকটি বিক্রির বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়নি। ঘটনার পর ওই হাসপাতালের লোকজন জেনেছেন।
এ ব্যাপারে উপজেলার হানিরপাড় গ্রামের ওই গৃহবধূ তামান্না আক্তার মুঠোফোনে বলেন, তাঁর বাড়িতে হাসপাতালের লোকজন এসেছিলেন। তাঁরা হাসপাতালটির বিরুদ্ধে তদন্ত কমিটিকে কিছু না বলার অনুরোধ করেন। তাঁদের অনুরোধেই তিনি হাসপাতালের বিরুদ্ধে কিছু বলেননি। তবে গরিব হওয়া সত্ত্বেও বিল পরিশোধের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড় দেয়নি।
গত ২৬ জানুয়ারি উপজেলার হানিরপাড় গ্রামের আলম মিয়ার স্ত্রী তামান্না বেগম প্রসবব্যথা নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচারে তাঁর ছেলেসন্তান জন্ম নেয়। ২৮ জানুয়ারি ওই হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ২৭ হাজার টাকার বিল দাবি করেন। টাকা দিতে না পেরে ষাটনল এলাকার বাসিন্দা শিমলা আক্তারের কাছে ৫০ হাজার টাকায় সদ্যোজাত সন্তানকে বিক্রি করে হাসপাতালের পাওনা পরিশোধ করেন তামান্না আক্তার।
গত বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। পরে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি তদন্তের জন্য সিভিল সার্জনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এ ঘটনা নিয়ে শুক্রবার প্রথম আলোতে ‘সন্তানকে বেঁচে হাসপাতালের পাওনা মেটালেন মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।