হাসপাতালের লিফটে তিনি আটকা ছিলেন ৪০ মিনিট
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটে আজগর আলী (৩০) নামের একজন ৪০ মিনিট আটকা ছিলেন। লিফটের দরজা না খোলায় এই অবস্থার সৃষ্টি হয়। পরে হাসপাতালের কর্মচারীরা এসে দরজা খুলে তাঁকে উদ্ধার করেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আজগরের বাড়ি নীলফামারীতে। তাঁর সন্তানের অস্ত্রোপচার হওয়ায় হাসপাতালে ২২ দিন ধরে অবস্থান করছেন বলে তিনি জানান।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের চারতলার একটি লিফটের ভেতর থেকে একজনের চিৎকার শুনে লিফটের কাছে ছুটে যান লোকজন।
রাজীব হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘আমি পাশের সিঁড়িতে বসে ফোন টিপছিলাম। এমন সময় লিফটের ভেতর থেকে চিৎকারসহ বিকট আওয়াজ পাচ্ছিলাম। সেখানে ছুটে যাই। ভেতরে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারে হাসপাতালের কর্মচারীদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে ৪০ মিনিট পর সেখান থেকে উদ্ধার করা হয় তাঁকে।’
উদ্ধার হওয়ার পর মেঝেতে বসে হাঁপাতে হাঁপাতে আজগর আলী বলেন, ‘আমি লিফটে একাই ছিলাম। চারতলায় একজন নার্স নেমে যাওয়ার পর লিফটের দরজা বন্ধ হয়। এরপর সেখানেই আটকা পড়ি। আটকা পড়ে ভাবছিলাম আতঙ্কে মরে যাব।’
হাসপাতালের একজন ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। কিন্তু এর মধ্যে আজগর আলীকে উদ্ধার করা হয়।
হাসপাতালের পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ। আজ হাসপাতালে যাওয়া হয়নি। তবে ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিকভাবে লোকজন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করেছেন বলে জেনেছি।’