হাসপাতালের শয্যায় শিশু হাসিনা, শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন
সাত বছরের হাসিনা। কোমল শরীরের প্রায় সর্বত্রই নির্যাতনের চিহ্ন, কালচে দাগ পড়ে গেছে। আঘাতের অধিকাংশ চিহ্নই পুরোনো, কিছু নতুন। দুর্বল শরীর নিয়ে শুয়ে আছে লালমনিরহাট সদর হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডের শয্যায়। গত ২৯ আগস্ট রাতে চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সঙ্গে আছেন মা রহিমা বেগম ও নানি আমেনা বেগম। বাবা হাসেন আলী কাজের সন্ধানে জেলার বাইরে আছেন।
হাসিনাদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের বলাইয়েরহাট গ্রামে। সংসারে অভাব-অনটনের কারণে নানি আমেনা বেগমের বাড়ি মহিষতুলি গ্রামে থাকত হাসিনা। গ্রামটি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে অবস্থিত। প্রায় এক বছর আগে শিশু হাসিনাকে ঢাকার বাসায় নিয়ে যান পুলিশ পরিদর্শক আজাহার আলী। তিনি ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালি গ্রামের বাসিন্দা। আজহার আলী বলেছিলেন, হাসিনার কাজ হবে সামান্যই—ঢাকার বাসায় তাঁর ছোট ছেলে ও মেয়েকে সঙ্গ দেওয়া।
কিন্তু হাসিনার পরিবার বলছে, মেয়েটিকে দিয়ে বাসার যাবতীয় কাজ করাতেন আজহার আলীর স্ত্রী ডেইজি মনি। কাজে একটু এদিক-ওদিক হলেই তিনি হাতের কাছে যা পেতেন তা দিয়েই পেটাতেন শিশু হাসিনাকে। শুধু তাই নয়, তাকে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। এ অবস্থায় ২৯ আগস্ট দুপুরে পুলিশ কর্মকর্তা আজহার আলী তাঁর প্রাইভেট কারের চালক রিয়াজুল ইসলামের মাধ্যমে হাসিনাকে তার নানির কাছে পৌঁছে দেন। হাসিনার অবস্থা দেখে তার নানি আমেনা বেগম হতভম্ব হয়ে যান। ওই দিনই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, শিশুটিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসায় হয়তো শারীরিক অবস্থার উন্নতি হবে। তবে মানসিক আঘাত দূর করতে অনেক সময় লাগবে।
আমেনা বেগম বলেন, ‘আমরা হাসিনাকে দেখতে চাইতাম। মোবাইলে কথা কইলে ওরা কইতো হাসিনা ভালোই আছে। করোনার সময়ে ঢাকায় আসার দরকার নাই। কখনো হাসিনার সঙ্গে কথা বললে, সে শুধু বলত ভালো আছি। এর বেশি কিছু বলতে দিত না।’ তিনি আরও বলেন, তিনি আদিতমারী থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন। পুলিশ নেয়নি। বলেছে, ঢাকায় গিয়ে মামলা করতে। গরিব মানুষ। ঢাকায় গিয়ে মামলা করার সামর্থ্য তাঁদের নেই।
নির্যাতনের অভিযোগ ওঠা পুলিশ কর্মকর্তা আজহার আলী বর্তমানে টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত আছেন। তবে তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি।
হাসিনাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন আজহার আলী। বলেন, ‘আমরা হাসিনাকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনেছিলাম। এখানে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করেছি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শিশুটির নানি আমেনা বেগম অভিযোগ দিতে থানায় এসেছিলেন। কিন্তু ঘটনাস্থল ঢাকায়। তাই তাঁকে সেখানে গিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে।