হাসপাতালের শৌচাগারে ঝুলছিল কিশোরের মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মহত্যা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শৌচাগার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরের নাম কৌশিক দাস (১৪)। সে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া মহল্লার উজ্জ্বল দাসের ছেলে। রংপুরের নালনদা ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

স্বজনদের বরাতে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে হাসপাতালটির সার্জারি ওয়ার্ডের ৫০৭ নম্বর কক্ষে ভর্তি অনিবার্ণ নামে এক বন্ধুকে দেখতে গিয়েছিল কৌশিক। এ সময় ওই বন্ধুর মা তাকে ওয়ার্ডে রেখে বাড়িতে যান।

ওই ওয়ার্ডের রোগীদের স্বজনেরা বলেন, রাত দেড়টার দিকে কৌশিক ওয়ার্ডের শৌচাগারে যায়। এর মধ্যে ফিরে আসেন অনিবার্ণের মা। দীর্ঘ সময় কৌশিক শৌচাগার থেকে ফিরে না আসার বিষয়টি মাকে জানায় অনিবার্ণ। পরে শৌচাগারে গিয়ে দরজায় ধাক্কা দেন অনিবার্ণের মা। দরজা খুলে গেলে দেখতে পান কৌশিক শৌচাগারের পানির ঝরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে রাত তিনটার দিকে হাসপাতালে পুলিশ আসে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নেজারত, ট্রেজারি, ত্রাণ ও পুনর্বাসন শাখার সহকারী কমিশনার শামছুজ্জামান আসিফের উপস্থিতিতে বাথরুমের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হাসপাতালের আবাসিক চিকিৎসক রকিবুল আলম বলেন, নিহত কৌশিকের দুই হাতে ধারাল কিছু দিয়ে কাটা দাগ দেখা গেছে। কাটাটি ৮ থেকে ১০ দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কৌশিকের বাবা উজ্জ্বল দাস বলেন, তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা বন্ধুকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে কী হলো বুঝতে পারছেন না।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, কৌশিক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর কৌশিকের লাশ আজ বিকেল চারটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।