আন্তর্জাতিক গৃহকর্মী দিবস
হাড়ভাঙা খাটুনির পরও সংসারে টানাটানি
রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরে প্রায় দুই লাখ পরিবার বসবাস করে। এর মধ্যে ২০ ভাগ পরিবারে গৃহকর্মী আছে।
রংপুর নগরের মুন্সিপাড়ার একটি বস্তিতে বসবাস করেন সুইটি বেগম (৩০)। তাঁর দিনের শুরুটা হয় সকাল আটটা থেকে। শেষটা কখন তা নিশ্চিত না। কখনো তাঁর বাড়ি ফিরতে সন্ধ্যা হয়, কখনো রাত হয়ে যায়। প্রতিদিন তিনটি বাড়িতে কাজ করেন। দিনভর কাজের পেছনে ছুটে প্রতি মাসে তাঁর আয় চার হাজার টাকা। এ টাকা দিয়ে দুই সন্তানের পড়ালেখাসহ সংসারের খরচ চালাতে কষ্ট হয়।
সুইটি বললেন, ‘কষ্ট করি হইলেও তো কাম করি খাওয়া লাগবে। বাসাবাড়িত কাম করি। মাস গেইলে টাকা পাই। সেই টাকা দিয়া কেমন করি যে সংসার চলে, তা উপরওয়ালা জানেন। তবে বাড়ির মালিকেরা খুব একটা রাগারাগি করেন না। যেসব বাড়িত রাগ হয়, সেটে কাম বাদ দেই।’
সুইটির মতো রংপুর নগরের বেশির ভাগ গৃহকর্মী আছেন এমন টানাটানিতে। এরপরও সন্তানসহ পরিবারের সদস্যদের মুখে খাবার এবং অন্য খরচ জোগান দিতে সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করেন তাঁরা।
নগরের কেরানীপাড়া এলাকায় জমি ভাড়া নিয়ে ঝুপড়ি তুলে বসবাস করেন কুড়িগ্রামের উলিপুর থেকে আসা বিলকিস আক্তার (৪২)। প্রায় ২২ বছর আগে কাজের সন্ধানে ছুটে আসেন রংপুর নগরে। স্বামী রিকশাচালক হলেও অসুস্থতার কারণে আর রিকশা চালাতে পারেন না। সংসারে স্বামীসহ তিন সন্তান। বাসাবাড়িতে কাজ করে যা আয় হয়, তা দিয়ে সন্তানদের পড়াশোনাও করিয়েছেন। বড় মেয়ে চাকরি করেন। আগে একসঙ্গে তিনটি বাড়িতে কাজ করলেও এখন সেই শক্তি আর পান না। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তে হয়। এরপরও জীবনের তাগিদে বেঁচে থাকতে ছুটে যান গৃহস্থের বাড়িতে।
বিলকিস বলেন, ‘বাসাবাড়িতে আগে কাজ করতে অনেক কষ্ট হতো। এখন থালা বাসন ধোয়াসহ বিভিন্ন কাজ করতে অনেক জিনিস বেড়াইছে। তাই কষ্ট কম হয়। আগোত বিভিন্ন বাড়িত কাজ করতে বকাবকি করতো। এখন সেটা কমি গেইছে।’
রংপুর নগরে গৃহকর্মীর সংখ্যার হিসাব খুঁজতে গিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনো প্রতিষ্ঠানই তথ্য দিতে পারেনি। তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিটিতে প্রায় দুই লাখ পরিবার বসবাস করে। এর মধ্যে আনুমানিক ২০ ভাগ পরিবারে গৃহকর্মী বা গৃহশ্রমিক আছে।
গতকাল বুধবার নগরের সাতগাড়া, দামোদরপুর, নিসবেতগঞ্জ, ভগি, বালাপাড়াসহ শহরতলির বিভিন্ন এলাকায় ২০টি বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের বাড়িতে গৃহকর্মী রাখা হয় না। এর উল্টো চিত্র নগরের মুন্সিপাড়া, কেরানীপাড়াসহ আশপাশের এলাকায়। প্রায় প্রতিটি বাড়িতেই গৃহকর্মী রয়েছে। কারও বাড়িতে দিনে দুজন কাজ করেন। নগরের মুন্সিপাড়ার একজন গৃহকর্ত্রী বলেন, গৃহকর্মীদের মাসিক বেতন ছাড়াও প্রায় সময় খাবার দেওয়া হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচও দেন। আর ঈদে বা প্রয়োজনে ছুটিও দেন। এখন সুযোগ-সুবিধা না দিলে গৃহকর্মীরা কাজ করতে চায় না।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক রঙ্কেশ্বর রায়ের কাছে এ বিষয়ে কিছু জানতে চাইলে তিনি বলেন, গৃহকর্মীর বিষয়ে সরকারিভাবে এখনো কোনো আইন প্রণয়ন হয়নি। তাই এ বিষয়ে তাঁদের কোনো কাজও নেই।
রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ হোসেন বলেন, গত এক বছরের মধ্যে নগরে গৃহকর্মী নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখন নগরে গৃহকর্মীদের কাজের পরিবেশ আগের চেয়ে ভালো।