হিজলা-মুলাদীতে গ্যাসের সন্ধান হবে চার ধাপে: খনিজ সম্পদ সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার দুপুরে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে খনিজ সম্পদের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন
ছবি: প্রথম আলো

বরিশালের দুই উপজেলা হিজলা ও মুলাদীতে গ্যাসক্ষেত্রের অবস্থান নিশ্চিত হতে চার ধাপে অনুসন্ধান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে খনিজ সম্পদ বিভাগ। আজ রোববার দুপুরে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে খনিজ সম্পদের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন।

সচিব মাহবুব হোসেন বলেন, ‘হিজলায় গ্যাস আছে। এখন সেটা কোথায় আছে তা আমাদের খুঁজে বের করতে হবে। খনিজ সম্পদ অনুসন্ধানে প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে আধুনিক চারটি রিগ কিনে দিয়েছেন আমাদের। আমরা দক্ষ প্রকৌশলী দিয়ে এখানে চার ধাপে অনুসন্ধান চালাব।’

অনুসন্ধান কাজে সংশ্লিষ্টরা জানান, গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলে কোনো বিদেশি সাহায্য ছাড়াই খননকাজ শুরু করবেন তাঁরা। পাশের জেলা ভোলায় গ্যাস আছে। হিজলা-মুলাদীতেও গ্যাস থাকতে পারে বলে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আলোচনা আছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামের কৃষক ইসরাফিল আকন ধানখেতে সেচ দেওয়ার জন্য একটি নলকূপ স্থাপনের কাজ করেন। খননের সময় ভূগর্ভ থেকে পানির পরিবর্তে গ্যাস বের হতে দেখেন মিস্ত্রিরা। পরে তাঁরা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে গ্যাসের বিষয়ে নিশ্চিত হন। তারপর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন ওই কৃষক। ২১ জানুয়ারি ওই স্থানটি পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুই কর্মকর্তা। এরপর হিজলা-মুলাদী দুই উপজেলায় খনিজ সম্পদ আহরণে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভূতাত্ত্বিক জরিপের সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার এলাকাটি পরিদর্শনের সময় খনিজ সম্পদ বিভাগের সচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ পংকজ দেবনাথ, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, বাপেক্সের পরিচালক মোহাম্মদ আলী, মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মেহেরুল হাসান, পেট্রোবাংলার কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।