হিজলায় ইটভাটার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শ্রীপুর গ্রামের মো. কাশেম হাওলাদার (৫৫) ও তাঁর ছেলে মোক্তার হাওলাদার (৩০)। তাঁদের উদ্ধার করতে গিয়ে কাশেমের অপর ছেলে মনির হোসেনও গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তিনিও নিজে যাচ্ছেন। কীভাবে বাবা-ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ এনে বিদ্যুৎ ব্যবহার করত ইটভাটার লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে ছাগল চরানোর জন্য যান। ছাগলটি ঘাস খেতে খেতে মাঠ থেকে পাশের টিভিসি নামের একটি ইটভাটার কাছাকাছি চলে যায়। আবুল কাশেম সেখান থেকে ছাগলটি সরাতে গিয়ে হাতের সঙ্গে বিদ্যুৎ লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। ছেলে মোক্তার হাওলাদার বিষয়টি দেখে বাবাকে উদ্ধার করতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর বাবা-ভাইকে উদ্ধার করতে গিয়ে কাশেমের আরেক ছেলে মনির হোসেনও গুরুতর আহত হন।

স্বজনেরা জানান, মুমূর্ষু অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। অপর দিকে মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ এনে বিদ্যুৎ ব্যবহার করত ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।