হিমছড়িতে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারের হিমছড়িতে ঝরনায় গোসল করতে নেমে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাব্বির আলম (২১)। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাসা ঢাকার উত্তরায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, সাব্বিরের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছার পর লাশ হস্তান্তর করা হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে সাব্বিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী (তিনজন ছাত্রী) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে হিমছড়ি এলাকায় ঝরনা দেখতে যান। একপর্যায়ে তাঁরা ঝরনায় গোসল করতে নামেন। কিছুক্ষণ পর প্রায় ১০০ ফুট ওপর থেকে হঠাৎ পাহাড়ের একটি বড় খণ্ড ধসে পড়ে। এতে সাব্বির মাটিচাপা পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় অন্য বন্ধুরা সাব্বিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান উদ্দিন বলেন, হয়তো পাহাড় থেকে পড়া মাটির সঙ্গে পাথরও ছিল। হাসপাতালে আনার আগেই সাব্বিরের মৃত্যু হয়। তিনি বলেন, সাব্বিরের সঙ্গে আহত অবস্থায় রাহাত আলী নামে আরও একজনকে হাসপাতালে আনা হয়।
নিহত সাব্বিরের বন্ধু তানভীর আহমদ বলেন, তাঁরা শুক্রবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। গতকাল বিকেলে তাঁরা হিমছড়ি এলাকায় পাহাড়ি ঝরনা দেখতে যান। তখন বৃষ্টি না থাকায় তাঁরা ঝরনায় নামেন। হঠাৎ পাহাড় ধসে পড়ে।
পাহাড়ধসের স্থানটি কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশের এ ঝরনা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আওতাধীন। এটি স্থানীয়ভাবে রংধনু ঝরনা নামে পরিচিত। ঝরনাটি সড়কের পাশে হলেও আসা-যাওয়ার পথ ঝুঁকিপূর্ণ।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন পাহাড়ে ফাটল দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।