হিমাগারে আলু রাখার খরচ বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সড়কে আলু বাছাই করে বস্তায় ভরছেন কৃষকেরা। সাম্প্রতিক ছবি
প্রথম আলো

চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের হিমাগারগুলোতে আলু সংরক্ষণের খরচ বেড়েছে। এতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আলু ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাঁরা সংরক্ষণ খরচ কমাতে আলু রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলার হিমাগারে আলু পাঠাচ্ছেন।

আলু ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও শাখা চলতি মৌসুমে ৫২-৫৫ কেজির আলুর বস্তা সংরক্ষণের ভাড়া ২৬০ টাকা নির্ধারণ করেছে। গত মৌসুমে এই হার ছিল ২৫০ টাকা। তবে রংপুর, বগুড়া, মুন্সীগঞ্জ, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলার হিমাগারে বস্তাপ্রতি ২২০ টাকায় আলু সংরক্ষণ করা যাচ্ছে। একেক বস্তায় সেখানে ৬০-৬৫ কেজি আলু রাখা যাচ্ছে, যা ঠাকুরগাঁয়ের চেয়ে প্রায় ১০ কেজি বেশি। ওজনে বেশি ও খরচ কম হওয়ায় আলু ব্যবসায়ীরা জেলার বাইরের হিমাগারগুলোর দিকে ঝুঁকছেন।

পীরগঞ্জ উপজেলার অন্তত ১০ জন আলু ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে উপজেলার প্রায় ২৫ জন ব্যবসায়ী হিমাগারভাড়া সাশ্রয়ের আশায় পীরগঞ্জ থেকে ট্রাকে রংপুর, ময়নাকুঠি, বগুড়া, টাঙ্গাইল, মুন্সীগঞ্জসহ বিভিন্ন হিমাগারে আলুর বস্তা পাঠাচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, উপজেলার ভাকুড়া গ্রামের আলু ব্যবসায়ী মো. বেলাল ৭৫০ ট্রাক, ভোমরাদহের মো. মিলন ২৫০ ট্রাক, খালপাড়ার মাহাতাব আলী ৬০০ ট্রাক, মজিবর রহমান ৪৫০ ট্রাক, সৈয়দ আলী ৪০০ ট্রাক, ভাকুড়ার এনামুল হক ৪৫০ ট্রাক, তরিকুল ইসলাম ৫০০, মো. লিটন ৭৫০ ট্রাকসহ প্রায় ২৫ ব্যবসায়ী গত দেড় মাসে পীরগঞ্জ থেকে প্রায় ৫ হাজার ট্রাক আলু অন্যান্য জেলার হিমাগারে পাঠিয়েছেন।

হিমাগারের ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন বলেন, বিদ্যুতের দাম ও শ্রমিকের মজুরির খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি আলু রাখার ভাড়া ৫ দশমিক ২০ টাকা নির্ধারণ করেছে অ্যাসোসিয়েশন। গত মৌসুমে ওই ভাড়া পাঁচ টাকা ছিল। তবে অনেক জেলার কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেয়নি। মুন্সিগঞ্জ, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলার একাধিক হিমাগার ভাড়া কমিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় বলেন, জেলার হিমাগারে ভাড়া বাড়ানোর বিষয়টি তিনি জানেন। তুলনামূলক কম ভাড়ার জন্য অন্য জেলার হিমাগারে আলু পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।