হিলি সীমান্তে মিষ্টি দিয়ে বিজিবি ও বিএসএফের শুভেচ্ছা বিনিময়
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত চেকপোস্টে মিষ্টি দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। একই দিন বাংলাদেশে জাতীয় শোক দিবস হওয়ায় এক দিন আগেই শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যদের মধ্যে হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান ও বিএসএফের ক্যাম্প কমান্ডার রাখেশ কুমার উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান বলেন, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। দুই দেশের মধ্যে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।