হিলি হয়ে ভারত থেকে এলেন ৩৭ বাংলাদেশি
ভারতে বাংলাদেশি উপহাইকমিশনারের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে ভারতে আটকে পড়া ৩৭ বাংলাদেশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আজ বুধবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী এই যাত্রীরা দেশে ফিরেছেন। ফেরত আসা যাত্রীদের তিনটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ভারত থেকে ৩৭ জন যাত্রী আজ বিভিন্ন সময়ে দেশে ফিরেছেন। যাত্রীদের ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছেন। আজ যে ৩৭ জন দেশে ফিরেছেন তাঁদের মধ্যে ১২ জন নারী ও ২৫ জন পুরুষ। মোট ২৯ জনকে হাকিমপুর উপজেলার এম এম আবাসিক, নুরজাহান আবাসিক ও কেপিলা আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
অবশিষ্ট আটজন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতিতে গত ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছিল। দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে গত রোববার থেকে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার শুরু হয়েছে। তবে আজই প্রথম ৩৭ জন যাত্রী দেশে ফিরলেন।