হিসাব করে কথা বলবেন, নতুন মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশে মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী

বাংলাদেশে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশের ভবিষ্যত্ নিয়ে এ দেশের মানুষই ভাববে। আপনাকে ভাবতে হবে না। তাই হিসাব করে কথা বলবেন।’
ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, লুঙ্গি বিতরণকালে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সাহায্য-সহযোগিতা করবেন ভালো কথা, কিন্তু ছড়ি ঘুরাবেন না। আমরা সাহায্য নিই, কিন্তু ভিক্ষা নিই না। যা নিই তা পাই পাই করে ফেরত দিই। তাই যা বলবেন, ভেবেচিন্তে বলবেন।’
ঢাকায় যুক্তরাষ্ট্রের মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট গত শুক্রবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানির বক্তব্যে বলেন, বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচন ‘নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ’ ছিল। তাই বাংলাদেশে আরও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে সংলাপে বসা দরকার।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আপনি এখনো বাংলাদেশেই আসেন নাই, আমেরিকায় বসে স্বপ্ন দেখেন নাকি। আপনাদের নির্বাচনের সময় কোর্টের রায় নিয়ে জুনিয়র বুশ ক্ষমতায় বসেছিল। আপনাদের কারচুপির কথা সারা পৃথিবীর মানুষ জানে। আর আপনি আসছেন আমাদের নির্বাচন নিয়ে কথা বলতে।’

ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কোনো গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিই না, দেবও না। তবে মানুষ পুড়িয়ে মারবেন, সরকারি সম্পদ বিনষ্ট করবেন, যা খুশি তা-ই করবেন, সেটা মেনে নেওয়া হবে না। সরকারের দায়িত্ব আছে, যা যা করা দরকার তা-ই করবে। কোনো রকম বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

দিনব্যাপী উপজেলার পাঁচটি ইউনিয়নে গরিব ও দুস্থদের ১০ কেজি করে ছয় হাজার জনকে চাল, এক হাজার ২৫০ জনকে শাড়ি, এক হাজার ৮০০ জনকে লুঙ্গি, শার্ট, ট্রাউজার, গেঞ্জি এবং ২৫০ জন শিক্ষার্থীকে জামা দেওয়া হয়। এ ছাড়া ২৫০ জনকে বয়স্ক-ভাতা, ১০৫ জনকে বিধবা-ভাতা ও ২৫ জনকে প্রতিবন্ধী-ভাতা দেওয়া হয়। এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।