হিসাব করে কথা বলবেন, ভেবেচিন্তে বলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘এটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের ভবিষ্যৎ নিয়ে এ দেশের মানুষই ভাববে। আপনাকে ভাবতে হবে না। তাই হিসাব করে কথা বলবেন।’
ঈদুল ফিতর উপলক্ষে গতকাল মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, লুঙ্গি বিতরণকালে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সাহায্য-সহযোগিতা করবেন ভালো কথা, কিন্তু ছড়ি ঘুরাবেন না। আমরা সাহায্য নিই, কিন্তু ভিক্ষা নিই না। যা নিই, তা পাই পাই করে ফেরত দিই। তাই যা বলবেন, ভেবেচিন্তে বলবেন।’
ঢাকায় যুক্তরাষ্ট্রের মনোনীত নতুন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট গত শুক্রবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানির বক্তব্যে বলেন, বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচন ‘নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ’ ছিল। তাই বাংলাদেশে আরও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে সংলাপে বসা দরকার।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আপনি এখনো বাংলাদেশেই আসেন নাই, আমেরিকায় বসে স্বপ্ন দেখেন নাকি। আপনাদের নির্বাচনের সময় কোর্টের রায় নিয়ে জুনিয়র বুশ ক্ষমতায় বসেছিলেন।