হুইলচেয়ার পেলেন ট্রাকচাপায় আহত রাবির ছাত্র রায়হান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিক
ছবি: ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিককে একটি হুইলচেয়ার দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আবদুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার হুইলচেয়ারটি আহত শিক্ষার্থীর কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডেসহ অনেকে উপস্থিত ছিলেন।

১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে ২০ তলা একাডেমিক ভবন নির্মাণস্থলের সামনের সড়কে ট্রাকচাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক গুরুতর আহত হন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। একই দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান একই বিভাগের তাঁর সহপাঠী মাহমুদ হাবীব।