হুজির সন্দেহভাজন ৬ সদস্য গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক অভিযানে গত মঙ্গলবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সন্দেহভাজন ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি বলেছে, তাঁদের কাছ থেকে বেশ কিছুসংখ্যক উগ্রবাদী বই, নোট, লিফলেটসহ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবি বলেছে, গ্রেপ্তার ছয়জন হলেন হুজির কুষ্টিয়া অঞ্চলের কমান্ডার সাজ্জাদুল আলম, মো. মেজবাউর রহমান, মো. আশরাফুল আলম, আবুল বাশার, আজিজুর রহমান ও শফিকুল ইসলাম। মেজবাউর কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক, আশরাফুল সেখানকার কম্পিউটার অপারেটর ও বাশার ফায়ার সার্ভিস স্টেশনের মসজিদের ইমাম।
গতকাল দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, কারাগারে আটক হুজি নেতা মুফতি হান্নান ও মো. জাহাঙ্গীর আলমের কিছু সমর্থক ঢাকা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা বাস্তবায়নে একত্রিত হবেন—পুলিশের বিশেষ শাখার (এসবি) এ তথ্যের ভিত্তিতে ডিবি পুরান ঢাকার সিরাজ-উদ-দৌলা পার্ক থেকে হুজি নেতা মেজবাউর, আশরাফুল ও বাশারকে আটক করে। আটককৃতদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে আজিজুর ও শফিকুলকে আটক করা হয়। আটক হুজি সদস্যদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, প্রগতিশীল ব্যক্তি এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হুজির এই দলটির হামলার পরিকল্পনা ছিল।