হুমকি দেওয়ার অভিযোগে কুষ্টিয়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার একটি জমি কেনার প্রস্তাব দেন। জমির মালিক সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার আরিফুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে খোকসা থানায় এই মামলা করেন। মামলায় বাবুলকে প্রধান আসামি করে আরও নয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম রোববার সকালে প্রথম আলোকে বলেন, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে বাবুল আক্তারসহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, খোকসা উপজেলার বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে আরিফুর রহমানের পারিবারিক ৩২ শতাংশ জমি আছে। স্কুলের পরিধি বাড়ানোর জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জমিটি কেনার প্রস্তাব দেন। এই প্রস্তাব ফিরিয়ে দেয় ওই পরিবার। এর পর থেকে তাদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে।
মামলার বাদী আরিফুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বাবুল আক্তারের নেতৃত্বে দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাবুলের পক্ষের লোকজন বাড়ির সদস্যদের লাঞ্ছিত করেন এবং ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে বাবুল আক্তার ক্ষিপ্ত হয়ে শুক্রবার আবারও দলবল নিয়ে বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা বাবুল আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু সেটি বন্ধ ছিল। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ওসি জহুরুল আলম বলেন, একাধিকবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে বাবুল আক্তার ছিলেন না, এটা সত্য। আরও তদন্ত করে দেখা হচ্ছে।