হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সেতু

বালু উত্তোলন বন্ধ না হলে কৃষ্টপুর সেতুটি ভেঙে যেতে পারে। তখন সরিষাবাড়ী-মাদারগঞ্জ উপজেলাবাসীর সড়কপথে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়বে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদ থেকে কিছুটা দূরে ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন (লাল ভবনটি)। সেখানে পাড় ঘেঁষে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা গ্রামে
প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। পাশাপাশি পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি সেতু ও বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে।

উপজেলার কামরাবাদ ও ভাটারা ইউনিয়নের মধ্য দিয়ে ঝিনাই নদ প্রবাহিত। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভাটারা ইউনিয়নের মাদারগঞ্জ-ঢাকা মহাসড়কের কৃষ্টপুর সেতুর নিচ থেকে ও র‍্যালী-কৃষ্টপুর বেড়িবাঁধ এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অন্যদিকে কামরাবাদ ইউনিয়নের সৈয়দপুর ও ধারাবর্ষা গ্রামের পাশ থেকে খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বালু তোলায় কৃষ্টপুর সেতু, সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়, আতাউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরমিলা-আতা বিএম কলেজ, সৈয়দপুর প্রতিবন্ধী বিদ্যালয়, ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্টপুর বেড়িবাঁধ এখন হুমকির মুখে। বালু তোলায় নেতৃত্ব দিচ্ছেন কৃষ্টপুরের শাহজাহান; সৈয়দপুরের মকবুল হোসেন, সুলতান মিয়া; ফুলবাড়িয়া এলাকার হিল্লোল মিয়া ও বড়বাড়িয়ার ছামিউল ইসলাম খান। এসব বালু তাঁরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন। পাশাপাশি নদের পাড়ের মাটি কেটে ভিটি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে।

সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, তাঁর বিদ্যালয়টি থেকে নদ কয়েক শ গজ দূরে। বালু উত্তোলন বন্ধ না হলে বিদ্যালয়টি নদে বিলীন হয়ে যাবে। তিনি এর প্রতিবাদ করায় তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে বালু উত্তোলনকারী শাহজাহান ও সুলতান মিয়া বলেন, বালু তোলার ব্যবসা তাঁরা বন্ধ করতে পারবেন না।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, এ বিষয়ে প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি। ভাটারার চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, বালু উত্তোলন বন্ধ না হলে কৃষ্টপুর সেতুটি ভেঙে যাবে। তখন সরিষাবাড়ী-মাদারগঞ্জ উপজেলাবাসীর সড়কপথে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা বলেন, ঝিনাই নদে অভিযান চালিয়ে খননযন্ত্র ধ্বংস করা হবে।