হৃদ্রোগে চবি শিক্ষার্থীর মৃত্যু
হৃদ্রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই শিক্ষার্থীর নাম বেলায়েত হোসেন (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বেলায়েতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
বেলায়েতের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, ভোর ৪টা ৪০ মিনিটে বেলায়েতকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হলে তাঁকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকেরা। সেখানেই তাঁর মৃত্যু হয়।
চবির অর্থনীতি বিভাগের শিক্ষক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বলেন, ময়নাতদন্তের পর বেলায়েতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।