হেরে গিয়ে কম্বল ফেরত নিলেন ইউপি সদস্য
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে দুই বছর আগে বিতরণ করা চার কম্বল ফেরত নিলেন সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমেছা খানমের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।
রোববার কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহদেবপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য রমেছা খানম এবারও প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। নির্বাচিত হয়েছেন জোছনা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, রমেছা খানম দুই বছর আগে শীতের সময় পরিষদের অনুদানের টাকায় আকুয়া গ্রামের মকবুল হোসেন, আনু মিয়া, সংকু ও বংকু—চার ভাইকে একটি করে কম্বল দিয়েছিলেন। নির্বাচনে পরাজিত হওয়ার কারণে রমেছা খানম তাঁদের কাছ থেকে সোমবার সকালে কম্বলগুলো ফেরত নিয়েছেন।
মকবুল হোসেন জানান, তাঁদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। এবার নির্বাচনে তাঁদের পাশের বাড়ির জোছনা বেগম প্রার্থী হন। তাই তাঁরা জোছনা বেগমের পক্ষে কাজ করেন। নির্বাচনে জোছনা বেগম জয়ী হন। এ কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়েছেন।
আনু মিয়া বলেন, ‘যে কাজ রমেছা খানম করলেন, তা এলাকাবাসী দেখলেন। গরিবদের প্রতি তাঁর অবিচার আগে থেকেই। এ জন্যই তাঁর পক্ষে নির্বাচন করিনি। এ কারণেই তিনি সোমবার সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।’
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম বলেন, কম্বল ফেরত নেওয়ার মতো তেমন কোনো দামি জিনিস নয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীরা এখন তাঁর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছেন বলে দাবি করেন তিনি।