হেরোইন উদ্ধারের মামলায় দুজনের যাবজ্জীবন
খুলনায় হেরোইন উদ্ধারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি দুজন হলেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও মো. শাহাবুদ্দিন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহম্মদ বলেন, ২০১২ সালের ১৩ মার্চ বিকেলে খুলনা সদর থানার হেলাতলা মোড় এলাকায় তল্লাশিচৌকির পাশে চায়ের দোকানের সামনে দুজনের গতিবিধি সন্দেহ হলে দাঁড়ানোর নির্দেশ দেয় পুলিশ। দুজনে না দাঁড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ দুজনকে আটক করে দেহ তল্লাশি করে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১০ গ্রাম ও শাহাবুদ্দিনের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় তৎকালীন খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ দুজন স্বীকার করেন, শহীদ নামের এক ব্যক্তির কাছে ওই হেরোইন পৌঁছে দিতে তাঁরা যশোর থেকে খুলনায় এসেছিলেন।
পরে দুজনের স্বীকারোক্তি অনুযায়ী, খুলনা রেলওয়ে কলোনি থেকে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১ নভেম্বর খুলনা থানার সহকারী কমিশনার মোল্লা আজাদ হোসেন তিনজনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দেন।