‘হেলপার’ দিয়েই সারানো হতো বিদ্যুৎ লাইনের ত্রুটি

হেলপার পদের কর্মীর কাজ মূলত ত্রুটি সারাতে বিদ্যুতের খুঁটিতে ওঠা লাইনম্যানদের সরঞ্জাম এগিয়ে দেওয়া।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল ইসলাম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ৩৩ কেভি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কর্মী রেজাউল ইসলাম গতকাল সোমবার মারা যান। এ ঘটনায় দায়িত্বশীল এক কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রেজাউল নেসকোতে হেলপার বা সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। নেসকো সূত্রে জানা গেছে, এই পদের কর্মীর কাজ মূলত ত্রুটি সারাতে বিদ্যুতের খুঁটিতে ওঠা লাইনম্যানদের বিভিন্ন সরঞ্জাম এগিয়ে দেওয়া। তবে রেজাউলকে দিয়ে বিদ্যুতের লাইনের ত্রুটি সারানোর কাজও করিয়ে নেওয়া হতো। ঘটনার দিন লাইনম্যানকে না নিয়ে রেজাউলকে নিয়ে যাওয়া হয়েছিল।

নেসকো সূত্রে জানা গেছে, গত রোববার রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় ১১ কেভি লাইনে ত্রুটি দেখা দেয়। এটি সারাতে পাঠানো হয় রেজাউলকে। তিনি সাহায্যকারী হলেও নেসকোর পিকআপও চালাতেন। ঘটনার দিন তিনি পিকআপ চালিয়ে পাঠানপাড়া এলাকায় যান। ১১ কেভি লাইনের কাজ করার পর তাঁকে ৩৩ কেভির কাজও করতে বলা হয়। লাইনের তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ কেভি লাইনের ওপরে পড়েন। সেখান থেকে নিচে একজন কর্মীর গায়ের ওপরে পড়েন। ঘটনাস্থলে এ সময় নেসকোর নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায়ও উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মেরামতের সময় ৩৩ কেভি লাইনটি চালুই ছিল অথবা বন্ধ করা হলেও পুনরায় চালু করা হয়। এটি তদারকি না করেই রেজাউলকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

রেজাউল ইসলাম যে পিকআপ চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, দুর্ঘটনার পরে সে পিকআপে করেই প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে পরে তাঁকে ঢাকায় নেওয়ার পথে নাটোরে পৌঁছালে নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। সেখানে দেড় ঘণ্টা গাড়ি থামিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর সিরাজগঞ্জে যাওয়ার পরে একই অবস্থা হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।

তাঁর সঙ্গে শেষ কথাটাও বলতে পারেননি। দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। জানি না মেয়েদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব।
আরজু বেগম, মৃত রেজাউলের স্ত্রী

রেজাউলের মৃত্যুর ঘটনায় বরখাস্ত করা হয়েছে নেসকোর সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক ও উপকেন্দ্রের অ্যাটেনডেন্ট সোহাগ মজুমদারকে। ঘটনা তদন্তের কমিটির প্রধান করা হয়েছে নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানকে।

ঘটনাস্থলে নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায় উপস্থিত থাকলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে নেসকোর প্রধান প্রকৌশলী আবদুর রশিদ বলেন, নির্বাহী প্রকৌশলী এ রকম অনেকগুলো লাইনের সার্বিক দায়িত্বে থাকেন। তদন্ত কমিটি শক্তিশালী। তাঁরা যদি দেখেন, নির্বাহী প্রকৌশলীও সরাসরি এ ঘটনার জন্য দায়ী, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী নগরের উপশহর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন রেজাউল। তাঁর দুই মেয়ে আছে। স্ত্রী আরজু বেগম বলেন, ঘটনার পর রেজাউলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। ফলে তাঁর সঙ্গে শেষ কথাটাও বলতে পারেননি। স্বামীর মৃত্যুর পর দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। জানেন না মেয়েদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন।