হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে একজনের মৃত্যু, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

নিহত ব্যক্তির নাম বিপ্লব মিয়া। তিনি উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা। একই ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা আহত ব্যক্তিরা হলেন মধ্য তাহিরপুর গ্রামের জামাল উদ্দিন (৪৯) ও জসিম উদ্দিন (৫৮) এবং ধর্মপাশার আবদুল খালেক (৫০)। অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এভাবে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণের বিষয়ে অবহিত ছিলাম না। পরে জানতে পেরেছি, এটি বিমানবাহিনীর হেলিকপ্টার ছিল। আমরা জানলে হয়তো তাদের সহযোগিতা করতে পারতাম। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি।’

তবে এ বিষয়ে যোগাযোগ করে আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ও দুপুরে একটি হেলিকপ্টারে দুইবার ত্রাণ নিয়ে আসে তাহিরপুরে। বেলা ১১টায় প্রথমবার এবং ২টায় দ্বিতীয়বার হেলিকপ্টার থেকে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কিছু ত্রাণের বস্তা ফেলা হয়। হেলিকপ্টার দেখেই সেখানে বন্যার্ত লোকজন জড়ো হয়। ২০০ থেকে ৩০০ ফুট ওপর থেকে মাঠের মাঝখানে থাকা একটি বালুর স্তূপে কিছু ত্রাণের বস্তা ফেলা হয়। চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রীতে ভরা এসব বস্তার ওজন পাঁচ থেকে ছয় কেজি। এসব বস্তা পড়ে বিপ্লবসহ আহত হন অন্তত নয়জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব মিয়ার ঘাড়ে বস্তা পড়ায় তিনি গুরুতর আহত হন। পরে বিপ্লবসহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মঙ্গলবার সকালে একটি স্পিডবোটে করে সিলেটে পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।