খুলনার ডুমুরিয়া
হেলে পড়েছে বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবন
ভবনটি পেছনের দিক দেবে গেছে এবং হেলে পড়েছে। নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
খুলনার ডুমুরিয়া উপজেলায় পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবন হেলে পড়েছে। ওই ভবনের নির্মাণকাজ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
উপজেলার শোভনা ইউনিয়নের পার মাদারতলা এলাকায় পল্লীশ্রী বিদ্যালয়ের অবস্থান। সাধারণ ও কারিগরি শাখা মিলিয়ে বিদ্যালয়ে সাড়ে ৫০০ শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের দুটি পুরোনো ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, পুরোনো দুটি ভবনের ছয়-সাতটি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান চলছে। বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি চারতলা ভবনের নির্মাণকাজ হচ্ছে। চতুর্থ তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়ে গেছে। চতুর্থ তলার ওপর স্লোপ ছাদের (স্লেনটিং রুফ) কাজ চলছে। একই সঙ্গে পলেস্তারা, মোজাইক, টাইলস লাগানোর কাজ করছেন কয়েকজন শ্রমিক। তবে ভবনটি পেছনের দিক অর্থাৎ উত্তর দিকে দেবে হেলে পড়েছে। খালি চোখেই হেলে পড়াই বিষয়টি দৃশ্যমান। বিদ্যালয়ের নতুন ভবনের কয়েক ফুট দূরেই মাছের ঘের।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে উন্নয়ন’ প্রকল্পের আওতায় পল্লীশ্রী বিদ্যালয়ের ওই ভবন নির্মাণ করা হচ্ছে। পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজসহ চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। ২০১৯ সালের ৪ আগস্ট খুলনার দৌলতপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস রৈতি এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। কাজ শেষের সময়কাল ধরা হয় ১৮ মাস। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এ প্রকল্প বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ।
এ সম্পর্কে ঠিকাদার টিপু হাওলাদার বলেন, ‘তিনতলা পর্যন্ত কোনো সমস্যা ছিল না। চারতলায় যাওয়ার পর দেখছি, পেছন দিক কয়েক ইঞ্চি দেবে গেছে। তখন স্লোপ ছাদের কাজ বন্ধ রাখি। পরে ভবনের পেছন দিকে গাছের পাইলিং (বল্লি মারা) করে দিয়েছি। পরে আমাদের খরচে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের একটা দলকে দেখানো হয়েছে। তারা সমস্যা হবে না জানিয়েছে। এরপর আর দেবে যায়নি। তবে নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কাজ করছি না।’
বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় মানুষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, যে স্থানে ভবনটি নির্মাণ করা হচ্ছে তার কিছু অংশ জুড়ে একসময় ডোবা ছিল। কয়েক বছর আগে ডোবাটি ভরাট করা হয়। ভবনটির নকশায় পাইলিং (মাটির নিচে গভীর কলাম বা পাটাতন) করার কথা না থাকায় ভবনটি ‘ইনডিভিজুয়াল ফুটিং’ পদ্ধতিতে করা হয়েছে। এই পদ্ধতিতে প্রথমে মাটি গর্ত করে তারপর বালু দিয়ে ভালো করে ভরাট করে প্রথমে সিসি ঢালাই এবং এর ওপরে আরসিসি ঢালাই করা হয়। নকশা অনুয়ায়ী মাটির নিচে ১০ ফুট গর্ত করার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ১০ ফুট গর্ত করার পরও ভালো মাটির স্তর পায়নি, তারপরও কাজ শুরু করে। পরে প্রকৌশলীদের নির্দেশনায় আরও দুই তিন ফুট গর্ত করা হয়। এরপর ভবনটি কাজ শুরু হয়। সাত-আট মাস আগে চারতলা করার সময় হেলে যাওয়ার বিষয়টি চোখে পড়ে। পরে আরও কয়েক মাস ফেলে রাখার পর চারতলার ছাদ দেওয়া হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা কার্যালয়ের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার বলেন, সয়েল টেস্ট অনুযায়ী ঢাকা থেকে ভবনটির নকশা এসেছিল। কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে দেখা যায় ১০ ফুটের নিচেও কিছু কালো পচা মাটি আছে। ওই মাটি অপসারণ করে তারপর বালু ফেলা হয়। সব নিয়ম মেনেই কাজটা করা হয়েছিল।