হোটেলকক্ষ থেকে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের হালিশহরের বড়পুল এলাকার ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, রাতে হোটেল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। লাশের গলা কাটা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নিহত নারীর বয়স ৩০ থেকে ৩২।

ওসি জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৩০ বছর বয়সী এক যুবকসহ ওই নারী হোটেলে ওঠেন। যুবক নিজেকে কামরুল হাসান ও কুমিল্লার বাসিন্দা পরিচয়ে হোটেলে ওঠেন। কিন্তু সেটি ছিল ভুয়া ঠিকানা। পরে বিকেলে ওই যুবক কক্ষ তালাবদ্ধ করে চলে যান। রাতে হোটেল কর্মচারী অনেক ডাকাডাকি করে ওই কক্ষ থেকে সাড়া না পেলে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত নারী ও ওই যুবক পূর্বপরিচিত। দুজন একসঙ্গে হোটেলের অভ্যর্থনাকক্ষে আসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।