হোটেলে রুটি খেয়ে অসুস্থ ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী পঞ্চপীর মোড়ে হোটেলের রুটি খেয়ে অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম ইউনুস আলী (৫০)। তিনি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। ইউনুস সবজির ব্যবসায়ী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার বাউসী পঞ্চপীর মোড়ে গত সোমবার লালু মিয়ার হোটেলে বাউসী মধ্যপাড়া ও ফুলবাড়িয়া গ্রামের নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ রুটি খায়। রুটি খাওয়ার পর রাত নয়টার প্রায়ই সবাই অসুস্থ হয়ে পড়ে। বমি ও পাতলা পায়খানার পাশাপাশি অনেকে অচেতন হয়ে পড়ে। পরে ১৫ শিশুসহ ৫০ জনকে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য আবদুল আজিজ (৬০) ও ইউনুস আলীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত নয়টার দিকে ইউনুস আলীর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহেদুর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে ওই রোগীর বমি ও পাতলা পায়খানা হয়েছে। তাই ওই রোগীর শরীর থেকে অতিরিক্ত লবণ বেরিয়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোটেলটির খাদ্য সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ইউনুস আলীর ছেলে সোহেল মিয়ার দাবি, ‘বাবা আমার রুটি খাইয়ে মারা গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ বলেন, মারা যাওয়া ইউনুস আলীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।