হোটেলের কক্ষে ঝুলছিল এক ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড় এলাকায় রজনীগন্ধা আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

ওই ব্যক্তির নাম তরিন হোসেন (৪৩)। আবাসিক হোটেলের রেজিস্টার খাতা অনুযায়ী, তাঁর বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পাইকরহাট এলাকায়।

হোটেলের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, ওই ব্যক্তি ৮ জানুয়ারি থেকে ওই হোটেলে ছিলেন। হোটেল কর্তৃপক্ষের কাছে তরিন জানান, তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আজ সকালে কক্ষের ভাড়ার টাকা নিতে যান আবুল কাশেম। অনেকক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে তিনি কোনো সাড়া পাননি। পরে ভেন্টিলেটর দিয়ে দেখতে পান, ফ্যানের সঙ্গে ঝুলে আছে ওই ব্যক্তির লাশ। তখন বিরামপুর থানা-পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির গলায় গামছা বাঁধা ছিল, তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।