হোমিও চিকিৎসায় ক্যানসার নিরাময়?
হোমিওপ্যাথি চিকিৎসায় ক্যানসার নিরাময়ের দাবি করেছেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপক এ কে এম আবদুর রহমান। তিনি এ রোগের চিকিৎসায় হোমিও ওষুধের একটি সমন্বিত প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন ও তা মেনে গাবতলী উপজেলার বুলু মিয়া নামের এক রোগীর ক্যানসার নিরাময় সম্ভব হয়েছে বলে দাবি করেন।
বগুড়া প্রেসক্লাবে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যানসার চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ পদ্ধতির বিস্তারিত তুলে ধরেন আবদুর রহমান। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তিও হোমিও চিকিৎসার মাধ্যমে ক্যানসার থেকে আরোগ্য লাভের দাবি করেন।
আবদুর রহমান বলেন, গাবতলীর ছাইহাটা গ্রামের বাসিন্দা বুলু মিয়া সম্প্রতি পিত্তথলির ক্যানসারে আক্রান্ত হন। তাঁর চিকিৎসায় পরীক্ষামূলকভাবে হোমিওপ্যাথি ওষুধের একটি সমন্বিত প্রয়োগ পদ্ধতি অনুসরণ করা হয়। অল্পদিনেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারলে ক্যানসারে আক্রান্ত ৪০ শতাংশ রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এ সময় তিনি এ নিয়ে হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি বই প্রকাশের কথাও জানান।