হোস পাইপ কাটায় শাটল ট্রেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ১২টি হোস পাইপ আজ শনিবার সকালে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) আরব আলী জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন ছাড়তে গেলে হোস পাইপ (দুই বগির মধ্যে সংযোগ রক্ষার পাইপ) কাটার ব্যাপারটি নজরে আসে। কে বা কারা ট্রেনের ১২টি হোস পাইপ কেটে দিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হোস পাইপগুলো মেরামতের চেষ্টা চলছে। মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হবে।
ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের হলে উঠতে দেওয়া, মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে গতকাল শুক্রবার অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়। ভিএক্স পক্ষের নেতা এস এম আরিফুল ইসলাম জানান, অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বা বাস চলাচল করতে দেওয়া হবে না।
সকালে বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাস ছেড়ে আসেনি। এতে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন।