হয়রানির অভিযোগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলমেট না থাকায় মোটরসাইকেল আরোহী সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ। এ ঘটনাকে হয়রানিমূলক বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টা সিলেট নগরের টিলাগড় এলাকার সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

হেলমেট না থাকায় এক শিক্ষার্থীর মোটরসাইকেল আটক করে মামলা দেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। এরপর এ ঘটনাকে হয়রানিমূলক বলে অভিযোগ তুলে প্রায় এক ঘণ্টা সিলেট নগরের টিলাগড় এলাকার সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগের শিকার হন পথচারীসহ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে বেল তিনটার দিকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেনের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ার হোসেন নামের এমসি কলেজের এক শিক্ষার্থী মোটরসাইকেলে করে টিলাগড়ের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাফিক পুলিশের সদস্যরা তাঁকে আটক করে হেলমেট না থাকায় মামলা দেন। বিষয়টি কলেজের অন্য শিক্ষার্থীদের জানালে তাঁরা বেলা দুইটার দিকে টিলাগড় মোড়ের পাশে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা–কর্মী বিক্ষোভে অংশ নেন। তাঁরা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স—সব ঠিক ছিল। হেলমেট ভাঙা থাকায় সেটি সঙ্গে আনতে পারিনি। বিষয়টি পুলিশ সদস্যকে বুঝিয়ে বলে ১০ মিনিট সময় চেয়েছিলাম। কিন্তু তিনি আমার কথা না শুনে ১৫ হাজার টাকার মামলা দেন। এভাবে প্রতিদিন টিলাগড় মোড়ে অনেক শিক্ষার্থীর বিরুদ্ধে হাজার টাকার মামলা দেওয়া হয়। শিক্ষার্থীরা এত টাকা কোথায় পাবে?’

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, অবরোধে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট দেখা দিলে শাহপরান থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামও ঘটনাস্থলে যান। তিনি শিক্ষার্থী ও সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা তিনটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মো. নাজমুল ইসলাম বলেন, ‘টিলাগড় এলাকায় তিনটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাশেই সেগুলোর ছাত্রাবাস। ক্লাস বা পরীক্ষার সময় এমন ঘটনা ঘটলে শিক্ষার্থীরা বেশি হয়রানির শিকার হন। অনেক সময় শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে হেলমেট বা গাড়ির কাগজপত্র আনেন না। এ কারণে তাঁদের আটকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে চেকপোস্ট বসানো বন্ধ করার দাবি জানিয়েছি আমরা।’ তিনি আরও বলেন, ‘আজ এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আগামী রোববার বিষয়টি নিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচজন করে প্রতিনিধি নিয়ে ট্রাফিক পুলিশের উপকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করব। আশা করছি, বিষয়টির সমাধান হবে।’

সিলেট শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মহানগর পুলিশের ট্রাফিক পক্ষ চলছে। এতে সড়কের নিরাপত্তা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এর অংশ হিসেবে মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছিল। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ছাত্রলীগ নেতা নাজমুলের মধ্যস্থতায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হয়।