১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াশায় বন্ধ থাকার ১০ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ১০ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে দুই হাজারের মতো গাড়ি আটকা পড়ে। কুয়াশা ও শীতে চরম দুর্ভোগে পড়েন আটকা পড়া কয়েক হাজার যাত্রী, চালক ও শ্রমিক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় মৌসুমের দ্বিতীয় দফা কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে গতকাল রাত ১২টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সব ফেরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে ঘাট থেকে ছেড়ে যাওয়া একাধিক ফেরি মাঝনদীতে পৌঁছে ঘন কুয়াশার কবলে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরিগুলো মাঝনদীতেই নোঙর করতে বাধ্য হয়। ফেরিগুলোতে বিভিন্ন ধরনের যানবাহনের সঙ্গে কয়েক শ যাত্রী ছিল।

মাঝনদীতে ফেরি আটকার খবর পেয়ে রাত ১২টার দিকে পাটুরিয়া থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপরই সোয়া ১২টার দিকে দৌলতদিয়া থেকেও ফেরি বন্ধ করে দেওয়া হয়। উভয় ঘাট থেকে ফেরি বন্ধ করে দেওয়ায় পাটুরিয়া প্রান্তে সাত শতাধিক এবং দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় সাত কিলোমিটার জুড়ে এক হাজারের মতো যানবাহন আটকা পড়ে। ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াশা অনেকটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

খুলনা থেকে আসা দিগন্ত পরিবহনের যাত্রী মনির হোসেন কুয়াশায় পরিবারসহ ফেরিঘাট থেকে পাঁচ কিলোমিটার পেছনে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় আটকা পড়েন। আজ সকালে তিনি জানান, তিনি পেশায় একজন পরিবহনচালক। ঢাকায় পরিবারসহ থাকেন। গ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে স্ত্রী-সন্তানসহ গতকাল রাত নয়টার দিকে রওনা করেন। রাত ১২টা থেকে তাঁদের গাড়ি পদ্মার মোড় এলাকায় যানজটে আটকা পড়ার পর জানতে পারেন, কুয়াশায় ফেরি বন্ধ হয়েছে।

যশোরের মনিরামপুর থেকে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন সুমন বালা। যানজটে দীর্ঘক্ষণ বাসে বসে থাকায় বিরক্তি লাগলে বাস থেকে নেমে বই নিয়ে পড়াশোনা শুরু করেন। তিনি বলেন, শুক্রবার সকালে তাঁদের পরীক্ষা আছে। ঘাটে যানজট থাকছে, আবার কুয়াশায় সমস্যা হচ্ছে। এ কারণে গতকাল রাতে রওনা দেন তিনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, কুয়াশার কারণে গতকাল রাত ১২টার দিকে দৌলতদিয়া থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১০ ঘণ্টা পর আজ সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চালু করা হয়। রাতের বেলায় ঘাট এলাকায় অসংখ্য কাঁচা সবজি ও মাছের গাড়ির সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ থাকে। এ ছাড়া সাধারণ পণ্যবাহী গাড়ি রয়েছে। এরপর কুয়াশায় ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়িসহ এক হাজারের মতো গাড়ি দৌলতদিয়া প্রান্তে আটকা রয়েছে।