১০ টাকার চালে ওজন কম দেওয়ার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালে ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা কমিউনিটি সেন্টার বাজারের ডিলার ছগির হাওলাদের বিরুদ্ধে এ অভিযোগ। আজ সোমবার ঘটনার সত্যতা পাওয়ায় ওই ডিলারের তিন বস্তা চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ ও কালমেঘা ইউনিয়ন পরিষদ (ইউপি)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালমেঘা ইউপির চেয়ারম্যান গোলাম নাছির প্রথম আলোকে বলেন, ডিলার ছগির হাওলাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চালে ওজনে কম দেওয়ার অভিযোগ ছিল। আজ ৭ মার্চ পরিষদকে না জানিয়ে অনেকটা গোপনে চাল বিতরণ শুরু করেন তিনি। খবর পাওয়া যায়, খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের প্রতি বস্তায় তিন থেকে পাঁচ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। এ খবরের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া প্রতিটি বস্তা সেলাই করার কথা থাকলেও ডিলারের দোকান থেকে বিতরণ করা চালের বস্তার মুখ ছিল রশি দিয়ে বাঁধা।
খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী দুলাল হোসেন, ফাতিমা বেগম ও মোহাম্মদ মনির বলেন, তাঁরা সকাল ১০টার দিকে প্রতিজন এক বস্তা করে তিন বস্তা চাল নিয়েছেন। প্রতি বস্তায় ৩০ কেজি চাল থাকার কথা থাকলেও তিনটি বস্তায় চাল ছিল যথাক্রমে ২৫ কেজি ৭৫০ গ্রাম, ২৭ কেজি ৩২০ গ্রাম ও ২৭ কেজি ৩০০ গ্রাম। স্থানীয় লোকজনের সামনেই বস্তাসহ ওজন দিয়ে ওই পরিমাণ চাল পাওয়া গেছে। আরও যাঁরা চাল নিয়েছেন, তাঁদের বস্তায়ও তিন থেকে পাঁচ কেজি করে ওজনে কম পাওয়া গেছে।
ঘুটাবাছা কমিউনিটি সেন্টার বাজারের খাদ্যবান্ধব ডিলারে ঘরে গিয়ে ওই দোকান ঘর বন্ধ পাওয়া যায়। দোকানের পাশের ব্যবসায়ীরা বলেন, চাল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ার পর দোকান বন্ধ করে তিনি সরে পড়েন। তবে ডিলার ছগির হাওলাদারকে মুঠোফোনে কল করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এক জায়গায় এসেছি পরে কথা বলব।’
কালমেঘা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহিম, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আইউব আলীর অভিযোগ, ঘুটাবাছা কমিউনিটি সেন্টার বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের (একাংশ) ৪০৬ জন উপকারভোগীর নির্দিষ্ট করা ডিলার ছগির হাওলাদার। সরকারি ওই ডিলার প্রতিবারই উপকারভোগীদের ওজনে কম চাল দিয়ে থাকেন। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর দীর্ঘদিন ধরে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ হাতেনাতে ওজনে কম দেওয়ার বিষয়টি ধরা পড়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরীফ মোল্লা প্রথম আলোকে বলেন, চাল ওজনে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়েছে। তিন বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিলার ছগিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।