কিশোরগঞ্জের ভৈরব
১০ টাকার বেতন ৬০০, অভিভাবকেরা ক্ষুদ্ধ
কেবি পাইলট মডেল হাইস্কুল ২০১৯ সালে শত বছর পার করেছে। বর্তমানে শিক্ষার্থী ১ হাজার ৮৫০ জন।
আরাফাত ভূঁইয়া কিশোরগঞ্জের ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তাঁর ছোট ভাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। করোনার বন্ধ শেষে স্কুল খোলার পর দুই দিন আগে গিয়ে জানতে পারেন, এখন তাঁর ভাইকে আর সরকার নির্ধারিত বেতনে পড়ানোর সুযোগ নেই। মাসিক ১০ টাকা বেতনের পরিবর্তে গুনতে হবে ৬০০ টাকা। এটা শুনে প্রথমে তিনি বিস্মিত হন। পরে শিক্ষকদের কাছে কারণ জানতে চান। সদুত্তর না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালে স্থবির হয়ে পড়া শিক্ষায় গতি ফেরাতে অতিরিক্ত ক্লাস করানোর সিদ্ধান্ত নেয় সরকারি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। মূলত এ অজুহাতেই এ মাস থেকে মাসিক বেতন কাঠামোর বড় এ পরিবর্তন আনা হয়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মনগড়া বেতন কাঠামোর কথা জেনে আরাফাত ভূঁইয়ার মতো প্রায় দুই হাজার শিক্ষার্থীর অভিভাবক হতাশ।
প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, করোনার কারণে আড়াই বছর পাঠদান বন্ধ ছিল। ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে এখন সাধারণ প্রশ্নেরও উত্তর পাওয়া যায় না। বিশেষ করে ইংরেজি ও গণিত ভুলতে বসেছে। এ অবস্থায় স্কুলের নির্ধারিত ক্লাস দিয়ে শিক্ষার্থীদের মূল মেধায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই বাড়তি ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬০০ টাকা বেতন কতটা আইনসম্মত, এমন প্রশ্নে তাঁর দাবি, এ ব্যাপারে সরকারি নির্দেশনা আছে। বর্ধিত ক্লাসের জন্য ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে।
তবে এমন দাবির বিষয়ে ভিন্নমত পাওয়া গেল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের কাছ থেকে। তিনি বলেন, অতিরিক্ত ক্লাস কিংবা বাড়তি টাকা নেওয়ার সরকারি কোনো ঘোষণা নেই। প্রধান শিক্ষককে বলা হয়েছে, যদি বর্ধিত ক্লাস নিতে হয়, সেটি যেন ৮ম ও ১০ম শ্রেণির বেলায় নেওয়া হয়। তা–ও দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে।
সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল ভৈরবের সবচেয়ে প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৯ সালে প্রতিষ্ঠার শত বছর পার করেছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে স্কুলটি সরকারীকরণ করা হয়। এর মধ্যেই করোনার জন্য স্কুল বন্ধ হয়ে যায়। স্কুল খোলার পর শিক্ষকেরা সিদ্ধান্ত নেন, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ধিত ক্লাস শুরু করবেন। এ কারণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা আদায় করা হবে।
এক শিক্ষার্থী বলে, ‘ছুটির পর আমি দুই বিষয়ে প্রাইভেট পড়ি। বাড়তি ক্লাস করলে সেই সুযোগ আর থাকবে না। তখন আমি পছন্দমতো বিষয়ে পড়ার সুযোগ হারাব। এতে আমার ক্ষতি হবে।’
আতিক আহমেদ দীর্ঘদিন পরিচালনা পর্ষদে থেকে স্কুলটির পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারীকরণ করেছে কম বেতনে ভালো পাঠদান নিশ্চিত করার জন্য। এখন যদি বেসরকারি স্কুলের মতো সরকারি স্কুলেও বড় বেতন দিয়ে পড়তে হয়, তাহলে সরকারের চাওয়া বাস্তবায়িত হবে না। তিনি এ অবস্থার সুষ্ঠু সমাধান চান।