১০ দিন ধরে মেয়েটি পড়ে আছে মর্গে, লাশ নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ১০ দিন ধরে একটি মেয়ের লাশ পড়ে আছে। লাশটি কার জিম্মায় দেওয়া হবে, এই নিয়ে সুরাহা না হওয়ায় মর্গের হিমশীতল ঘরটিই এখন মেয়েটির আশ্রয়স্থল।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়ে লাকিংমে চাকমাকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে আতাউল্লাহ নামের যুবক বিয়ে করেছেন বলে পরিবারের অভিযোগ, থানা মামলা না নিলে তার পরিবারের আদালতে যাওয়া, পুলিশের প্রতিবেদনে মেয়েটির স্বেচ্ছায় চলে যাওয়ার কথা, মেয়েটিকে নিজের স্ত্রী হালিমাতুল সাদিয়া দাবি করে লাশ ফেরত চাওয়া, জন্মদাতার দাবি নিয়ে মেয়ে লাকিংমের শেষকৃত্য করতে বাবার আবেদন, নবজাতক সন্তানের কান্না—সবকিছুর ঊর্ধ্বে এই নিথর দেহটি।

মেয়েটির বাবা লালা অং চাকমার দাবি, চলতি বছরের ৫ জানুয়ারি তাঁর মেয়ে লাকিংমেকে অপহরণ করা হয়। ওই দিন তিনি কক্সবাজারের টেকনাফে শীলখালীর চাকমাপাড়ায় নিজের বাড়িতে ছিলেন না। সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁর মেয়ে স্থানীয় শামলাপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। বাড়ি ফিরে জানতে পারেন মেয়েকে অটোরিকশায় করে তুলে নিয়ে যান টেকনাফের বাহারছড়া মাথাভাঙ্গার এলাকার আতাউল্লাহ, ইয়াসিন, ইসা, আবুইয়াসহ আরও চার-পাঁচজন। জন্মসনদ অনুসারে ওই দিন মেয়ের বয়স ছিল ১৪ বছর ১০ মাস। তিনি বিষয়টি ওই দিনই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হাফেজকে জানান। কিন্তু ইউপি সদস্য কোনো ব্যবস্থা নেননি।

তখন লালা অং চাকমা টেকনাফ মডেল থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত) মামলা নিতে রাজি হননি। ২৭ জানুয়ারি তিনি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।

পিবিআই গত ৯ আগস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেদন দিয়ে জানায়, লাকিংমে চাকমাকে অপহরণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে অন্তত পাঁচজন সাক্ষী জবানবন্দিতে লাকিংমেকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা বলেছেন বলে মেয়েটির বাবার দাবি।

এমন দাবির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কক্সবাজার ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) ক্যশৈনু মারমার ভাষ্য, ‘এজাহারে যে পাঁচজনকে সাক্ষী রাখা হয়েছে, তাঁরা লাকিংমের আত্মীয়। সাক্ষী ছাড়াও প্রত্যক্ষদর্শী ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। ওই পাঁচজন সাক্ষী ছাড়া এলাকার আর কেউ অপহরণের কথা বলেনি। ফলে আমি তদন্ত প্রতিবেদনে লাকিংমে নিজেই চলে গেছে বলে উল্লেখ করেছি।’

বাবা লালা অং চাকমার দাবি, ১১ মাস পর তিনি জানতে পারেন মেয়ে লাকিংমের লাশ মর্গে পড়ে আছে। তিনি লাশ নিতে গিয়ে জানতে পারেন অপহরণ, নাবালিকা বিয়ে ও জোরপূর্বক ধর্মান্তরে বাধ্য করার অভিযোগে যে আতাউল্লাহর বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন; সেই আতাউল্লাহ স্বামী দাবি করে লাশ নেওয়ার আবেদন করেছেন। এ আবেদন গড়িয়েছে আদালতে। তদন্ত সাপেক্ষে মৃতের ‘ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত’ হয়ে র‍্যাবকে লাশের শেষকৃত্য করার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, আতাউল্লাহ নামের একজন দাবি করেছেন, তাঁর স্ত্রী ৯ ডিসেম্বর বিষপানে আত্মহত্যা করেছেন।

আতাউল্লাহর বক্তব্য জানার জন্য মুঠোফোনে চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বড় ভাই পরিচয় দিয়ে মনির উদ্দিন বলেন, ‘আমার ছোট ভাইয়ের মানসিক অবস্থা এখন ভালো না। এ বিষয়ে তিনি কথা বলতে চান না। লাকিংমে চাকমার বর্তমান নাম হালিমাতুল সাদিয়া। ওই সময়ে তাকে জোর করে আমার ভাই নিয়ে গিয়েছিল কি না, জানি না। আতাউল্লাহ ওই মেয়েকে নিয়ে তাঁর কর্মস্থল কুমিল্লায় চলে যায়। ছয় মাস আগে স্ত্রীকে নিয়ে আতাউল্লাহ টেকনাফে আসে। ৯ ডিসেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে আতাউল্লাহ স্ত্রীকে চড় দেয়। এরপর রুমে গিয়ে সাদিয়া বিষ পান করে।’ তিনি জানালেন, মারা যাওয়ার ১২ দিন আগে তাঁর ভাইয়ের স্ত্রী এক মেয়েসন্তানের জন্ম দেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মংথেন হদ্মা রাখাইন বলেন, লাকিংমের বাবা যেন লাশ ফিরে পান, সে জন্য জন্মসনদসহ আদালতে আবেদন করা হয়েছে। কিন্তু আসামিপক্ষ আরেকটি জন্মসনদ আদালতে জমা দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন, সেখানে মেয়েটির বয়স ১৮ বছরের ওপরে লেখা হয়েছে। অথচ ঘটনার সময় লাকিংমে সপ্তম শ্রেণিতে পড়ত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান।