রামেকের আইসিইউ ইউনিট
১০ বছর দায়িত্বে শুধু একজন চিকিৎসক
করোনার দ্বিতীয় ঢেউ আসার পর হাসপাতালে একটি আইসিইউ শয্যার জন্য ১০০ জন পর্যন্ত রোগীরঅপেক্ষার নজির আছে।
১০ বছর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) যাত্রা শুরু করে দুটি শয্যা নিয়ে। পরের ১০ বছরে শয্যা বেড়েছে ১৮টি। ওই সময়ে এই ইউনিটের জন্য কোনো লোকবল বরাদ্দ ছিল না, এখনো নেই। বিভিন্ন ওয়ার্ড থেকে নার্স ও বয়দের ডেকে এনে কাজ চালিয়ে নিচ্ছেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক।
বর্তমানে করোনা পরিস্থিতিতেও এর পরিবর্তন হয়নি। অথচ করোনার দ্বিতীয় ঢেউ আসার পর হাসপাতালে একটি আইসিইউ শয্যার জন্য ১০০ জন পর্যন্ত রোগীর অপেক্ষার নজির আছে। এই ইউনিটের শয্যা না পেয়ে মারা যাওয়া রোগীর সংখ্যাও কম নয়।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ আগস্ট এই হাসপাতালে দুটি শয্যা নিয়ে আইসিইউ চালু করা হয়। ৫ আগস্ট থেকে রোগী ভর্তি শুরু হয়। ২০১৪ সালের মে মাসে এটি ১০ শয্যায় উন্নীত হয়। এ ছাড়া পোস্ট অপারেটিভ রোগীদের জন্য আরও পাঁচটি শয্যার ব্যবস্থা করা হয়। করোনা পরিস্থিতির মধ্যে এটি ২০ শয্যায় উন্নীত করা হয়েছে।
রাজশাহী মেডিকেল ছাড়া জেলায় একটিমাত্র বেসরকারি হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা রয়েছে। তবে তাদের শয্যাসংখ্যা ছয়। আর শয্যা ফাঁকা থাকলেও সব রোগীর পক্ষে বেসরকারি হাসপাতালের আইসিইউর খরচ বহন করা সম্ভব হয় না। রামেক হাসপাতালে আইসিইউর জন্য কোনো খরচ নেওয়া হয় না।
মন্ত্রণালয় থেকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে আবু হেনা মোস্তফা কামাল শুরু থেকেই রামেকের আইসিইউ ইউনিটে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ইউনিট চালুর পর থেকে লোকবল চেয়ে স্বাস্থ্য মহাপরিচালকের মাধ্যমে বিভিন্ন সময় মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। ইউনিটটিতে চিকিৎসক দূরের কথা, একজন সিস্টার, বয় বা দারোয়ানও নিয়োগ দেওয়া হয়নি। অন্য ওয়ার্ড থেকে সিস্টার, বয়দের ডেকে এনে কাজ করানো হয়, তাঁরা এর বিনিময়ে কোনো আর্থিক সুবিধাও পান না।
মোস্তফা কামাল জানান, তাঁরা লোকবলের যে চাহিদা দিয়েছেন, তাতে উল্লেখ করা হয়েছে, এই হাসপাতালে আইসিইউতে ন্যূনতম একজন অধ্যাপক, দুজন সহযোগী অধ্যাপক, চারজন সহকারী অধ্যাপক, ছয়জন মেডিকেল কর্মকর্তা, চারজন অবেদনবিদ, একজন ফিজিওথেরাপিস্ট, একজন পুষ্টিবিদ ও একজন ইলেকট্রোমেডিকেল ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক প্রয়োজন। সিস্টার, বয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীর প্রয়োজনও রয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়া দেশের আর কোনো হাসপাতালেই আইসিইউয়ের জন্য লোকবল বরাদ্দ দেওয়া হয়নি।