খুলনা নগর
১০ বছরেও চালু হয়নি বাজার
বাজার চালু না হওয়ায় সিটি করপোরেশনের রাজস্ব আদায় হচ্ছে না। এতে মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে।
খুলনা নগরের বাস্তুহারা-বয়রা হাউজিং বাজার নির্মাণের প্রায় ১০ বছর পার হলেও এটি চালু হয়নি। বাজারটি চালুর ব্যাপারে একাধিকবার দোকান বরাদ্দের জন্য আবেদন জমা নেওয়া ছাড়া কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এদিকে বাজারের আশপাশ এলাকায় একাধিক জায়গায় গড়ে ওঠা ভাসমান ও অস্থায়ী অবৈধ বাজারে জমজমাট ব্যবসা চলছে। এতে একদিকে যেমন সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে ক্ষতি হচ্ছে, তেমনি এলাকার মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে।
খুলনা সিটি করপোরেশন নির্মাণের পর বাজারটিতে আলাদা পাইকারি পোলট্রি মার্কেট চালু করার চিন্তা করা হয়েছিল। দীর্ঘদিন বাজার বরাদ্দ কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মনোনীত সদস্য না পাওয়া, প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে পর্যাপ্ত আবেদন জমা না পড়াসহ বেশ কিছু জটিলতার কারণে এটি চালু করা সম্ভব হয়নি।
সরেজমিন দেখা গেছে, বাজারে তিনটি ছাউনির (শেড) একটিতে কিছু দোকানে ব্যবসায়ীরা বসেছেন। অন্য দুটি শেড ফাঁকা পড়ে আছে। বাজারে অস্থায়ী কয়েকটি দোকান গড়ে উঠেছে। ফাঁকা শেডে বিভিন্ন ছোট ছোট দলের আড্ডা চলছে। কর্তৃপক্ষের অনুমতির বাইরে কিছু স্থাপনাও গড়ে উঠেছে। সেগুলো নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণের পর দোকান বরাদ্দের আবেদন চাওয়া হয়েছিল। তবে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অব্যবসায়ীদের কাছ থেকে আবেদন ফরম বেশি পড়ায় সে সময় বাজারটি চালু করা যায়নি। এখনো স্থানীয় প্রভাবশালীরা চান না তাঁদের বাইরে কাউকে বরাদ্দ দেওয়া হোক। বাজারটি নির্ধারিত জায়গায় পুরোপুরি চালু না হলেও ভোর থেকে একটি ছাউনিতে কাঁচাবাজার ও মাছ ব্যবসায়ীরা বেচাবিক্রি করে থাকেন। সকাল ১০টা নাগাদ শেষ হয়ে যায় অস্থায়ী ওই বেচাকেনা। বাজারটিতে মূলত মুজগুন্নী, বাস্তুহারা, গোয়ালখালী, বয়রা হাউজিং ও নৌ কলোনির বাসিন্দারা বাজার করতে আসেন। তবে স্থায়ীভাবে চালু না হওয়ায় ও অল্প সময়ের জন্য বসায় ওই সব এলাকার বাসিন্দারা তিন থেকে চার কিলোমিটার দূরের দৌলতপুর, বয়রা, চিত্রালী ও বৈকালী বাজারে যেতে বাধ্য হন।
মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা আবদুল কাউয়ূম বলেন, ‘বাজারটি স্থায়ীভাবে চালু থাকলে আমাদের জন্য খুব সুবিধা হতো। কষ্ট করে আমাদের দূরের বাজারে যেতে হতো না।’
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১২ সালের এপ্রিল মাসে মার্কেটের নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে তিনটি আলাদা আলাদা শেডে ৪০টি তরকারি, ১৪টি মুদি, ১০টি মাছ, ৫টি করে মুরগি-মাংসের দোকানসহ মোট ৭৪টি দোকানের জায়গা আছে। ২০১৩ সালে দোকান বরাদ্দের জন্য আবেদন চাওয়া হলে সে সময় প্রায় ৪০০ জন বরাদ্দ চেয়ে আবেদন করেন। পরে সেখানে পাইকারি পোলট্রি মার্কেট করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলতে থাকে। ২০১৭ সালের এক সভায় প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে পুনরায় আবেদন গ্রহণ, বাজারটির নতুন নামকরণ করা, বাজারের অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ, একটি গভীর নলকূপ স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়। এরপরও কয়েক দফায় বাজারটি চালুর উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা কাজে আসেনি।
বাজারের সামনের চত্বরের একজন দোকানদার আবদুর রউফ বলেন, ‘বাজারের ল্যাম্পপোস্টে রাতে বাতি জ্বলে না। শৌচাগার নেই, পানির ব্যবস্থা নেই, ঝাড়ুদার নেই। আর আমরা দোকান বরাদ্দের জন্য ফরমও কিনেছিলাম, তবে বরাদ্দ না পাওয়ায় বাইরে ব্যবসা করছি। বাজারটি চালু হলে বেচাকেনা বাড়ত। এলাকার মানুষেরও উপকার হতো।’
সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম ডি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারটি চালুর ব্যাপারে মেয়র মহোদয়কে বলেছি। তিনি দোকান বরাদ্দের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আশপাশের অবৈধ বাজারে ব্যবসায়ীদের এখানে ব্যবসার জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব বাজার চালু হয়ে যাবে।’
খুলনা সিটি করপোরেশনের বাজার সুপার আবদুল মাজেদ মোল্লা বলেন, বাজারটি থেকে প্রতিদিন মাত্র ২৫০ থেকে ৩০০ টাকার টোল আদায় হচ্ছে। এটা খুবই কম। অনেকে বাজারের নির্ধারিত জায়গায় না বসে আশপাশে ব্যবসা করতে চান। অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।