১০ মাসও টিকল না সড়ক

২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে সড়কটির ৩ হাজার ২০০ মিটার সংস্কার করা হয়েছিল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার করার ১০ মাসের মধ্যেই ভেঙে গেছে সড়ক। বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গত বুধবার মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

তিন কিলোমিটার সড়কের সংস্কারে ব্যয় হয়েছে আড়াই কোটি টাকা। সংস্কারের মাস তিনেকের মধ্যেই সড়কের দুই পাশ ভাঙতে শুরু করে, দেবে যায় কয়েকটি স্থান। এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির কাজ বুঝে নিয়ে ঠিকাদারের যাবতীয় পাওনা পরিশোধ করে। সংস্কারের ১০ মাস পর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কটি হলো যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর-নওয়াপাড়া (ভায়া সুন্দলী) সড়ক। গত বছরের মার্চে সড়কটির মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের পশ্চিম প্রান্ত থেকে বাহিরডাঙ্গা কচাতলা শিবমন্দির পর্যন্ত সংস্কারের কাজ শেষ হয়। এ নিয়ে গত বছর ১ জুলাই প্রথম আলোয় ‘সংস্কারের ৩ মাসেই ধস, ভেঙে পড়ছে দুই পাশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, সড়কটির যেসব অংশে ক্ষতি হয়েছে, তা ঠিক করে দিতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারকে সব পাওনা পরিশোধ করা হলেও তাঁর জামানত আটকে রাখা হয়েছে। লোকজন ও যানবাহনের চলাচলের জন্য জরুরি মেরামতের আওতায় আপাতত সড়কটির ভাঙা অংশগুলোতে এইচবিবি (ইট বিছানো) করা হবে। পরে ওই অংশগুলোতে স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হবে।

এলজিইডি সূত্র জানায়, ২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে উপজেলার মনিরামপুর-নওয়াপাড়া (ভায়া সুন্দলী) সড়কটির ৩ হাজার ২০০ মিটার সংস্কার করা হয়। এ কাজের দায়িত্বে ছিল যশোরের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এলআরআই-এমএমআই। সড়কটির কয়েকটি জায়গা নিচু ছিল। সড়কটি সমান করতে নিচু জায়গাগুলোতে দুই থেকে তিন ফুট উঁচু করে মাটি দেওয়া হয়। এ ছাড়া ১২ ফুট প্রস্থের সড়কের দুই পাশে তিন ফুট করে মাটি দেওয়া হয়। গত বছরের মার্চে সড়কটির সংস্কারের কাজ শেষ হয়।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশে অন্তত ১০ জায়গায় ধসে গেছে। এর মধ্যে চার জায়গায় সড়কটি এক পাশ থেকে ভাঙতে ভাঙতে অপর পাশ পর্যন্ত চলে গেছে। সড়কে অসংখ্য ফাটল দেখা দিয়েছে, তিনটি স্থান দেবে গেছে।

এ সময় কথা হয় সড়কটি দিয়ে চলাচল করেন এমন ৪ গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে। তাঁরা বলেন, ঠিকাদার মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে সড়কের পাশের মাটি কেটে সড়কে দিয়েছেন। এতে সড়কের ঢালের গোড়ার দিকের মাটি আলগা হয়ে গেছে। এ জন্য বৃষ্টিতে গোড়ার মাটি সরে সড়কের পাশ ভেঙে পড়ছে। সড়কের পাশে শতাধিক তালগাছ ছিল। তালগাছ সড়কটির পাশের মাটি শক্ত করে ধরে রেখেছিল। কিন্তু সড়কের কাজ করার সময় ঠিকাদার সব তালগাছ কেটে নিয়েছেন। এ ছাড়া সড়কে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। ঠিকমতো বালু দেওয়া হয়নি।

তবে ঠিকাদার শাহারুল ইসলাম বলেন, খুব ভালো করে সড়কের কাজটি করা হয়েছিল। কিন্তু এস্টিমেটে সড়কের পাশের পুকুরপাড়গুলোতে কোনো গাইড ওয়াল ধরা ছিল না। এ জন্য বৃষ্টিতে পুকুরপাড়ের জায়গাগুলো ভেঙে পড়েছে। ভাঙা অংশগুলো বালু ও খোয়া দিয়ে সমান করে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এরপর ওই জায়গাগুলোতে পিচ দেওয়া হবে। তালগাছ কাটার অভিযোগও সঠিক নয় বলে তিনি দাবি করেন।

পাঁচকাটিয়া গ্রামের চিন্ময় রায় বলেন, পিচের কাজ শুরুর দিন থেকে রাস্তার দুই পাশ ভাঙতে শুরু করে। এখন এমন অবস্থা হয়েছে, রাস্তা দিয়ে আর চলাচল করা যাচ্ছে না। এর মধ্যে ভাঙা জায়গায় কিছু ইট দেওয়া হয়েছিল, তাতেও রাস্তা টিকছে না।

কাজীরগাঁ গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক শরিফুল ইসলাম বলেন, ‘রাস্তার যে অবস্থা, তাতে রাস্তা দিয়ে ইজিবাইক চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে ইজিবাইক চালাচ্ছি।’

হরিদাসকাটি ইউপির সাবেক চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে বলেন, ঠিকাদার রাতের বেলায় রাস্তার কাজ করেছেন। রাস্তায় অত্যন্ত নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এ জন্য রাস্তাটি টিকছে না।