নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ শেখ রাসেল ৩৭তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিকসে টানা ১২ বার দেশসেরা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ২২ ও ২৩ অক্টোবর জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা আর্মি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান। এতে মোট ৩৮টি ইভেন্ট ছিল। পুরস্কার ছিল ১১৪টি। লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে ২৩টি পুরস্কার। এর মধ্যে ১০টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক। এ বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী চূড়ান্ত ওই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে ১২ জন। দৌড়, দীর্ঘলাফ, উচ্চলাফ, গোলক–বর্শা–চাকতি নিক্ষেপসহ প্রায় সব বিভাগে কৃতিত্ব অর্জন করেছে তারা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী আফজাল খাঁ ১০০, ২০০ মিটার দৌড় ও দীর্ঘলাফে স্বর্ণপদক পেয়েছে। মুন্নী কর্মকার ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পেয়েছে। পদক পাওয়া অন্য শিক্ষার্থীরা হলো নমিতা কর্মকার, সঞ্চিতা কর্মকার, রিফাতুল ইসলাম, সৌরভ বিশ্বাস, রুমা খানম, সামিয়া খানম, কাজল বিশ্বাস, শান্ত কর্মকার, ইসতিয়াক আহমেদ ও শহীদুল ইসলাম।
তিনটি করে স্বর্ণপদক পাওয়া মুন্নী কর্মকার ও আফজাল খাঁ বলছিল, প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার কৃতিত্ব বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিলীপ চক্রবর্তীর। তাঁর অনুপ্রেরণা ও প্রশিক্ষণে এ অর্জন সম্ভব হয়েছে।
এ বিষয়ে দিলীপ চক্রবর্তী বলেন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার হয়ে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। নড়াইল জেলা থেকে ২১ জন প্রতিযোগী ছিল। তারা সবাই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। নিবিড় অনুশীলন ও প্রতিদিন সকাল-বিকেল প্রশিক্ষণে এ সাফল্য এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, অ্যাথলেটিকসে ধারাবাহিকভাবে দেশের মধ্যে শীর্ষস্থান দখলে রেখেছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি অব্যাহত রাখতে প্রচেষ্টা চলছে।