১০ হাজার মানুষের ভরসা ঝুঁকিপূর্ণ কাঠের সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে নড়বড়ে কাঠের সাঁকো পার হচ্ছে দুই ব্যক্তি। ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজার এলাকায় হালদা নদীর ওপর এই কাঠের সাঁকো আশপাশের পাঁচটি গ্রামের মানুষের ভরসা। ছবিটি ১৯ এপ্রিল তোলা l প্রথম আলো
ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে নড়বড়ে কাঠের সাঁকো পার হচ্ছে দুই ব্যক্তি। ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজার এলাকায় হালদা নদীর ওপর এই কাঠের সাঁকো আশপাশের পাঁচটি গ্রামের মানুষের ভরসা। ছবিটি ১৯ এপ্রিল তোলা l প্রথম আলো

নড়বড়ে খুঁটির ওপর দাঁড়িয়ে প্রায় তিন শ ফুট দীর্ঘ কাঠের সেতু। মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা চলাচল করলে দুলতে থাকে সেতুটি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজার এলাকায় হালদা নদীর ওপর এই কাঠের সেতু দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া, সুন্দরপুর, সাপমারাসহ পাঁচটি গ্রাম এই সেতুটির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে। কাঠের সেতুর স্থানে পাকা সেতু তৈরি হলে গহিরা-হেঁয়াকো সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হতো এলাকাগুলো।

স্থানীয় লোকজন জানান, উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ নারায়ণহাট বাজার হয়ে গহিরা-হেঁয়াকো সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রামে যাতায়াত করে। কাঠের সেতুর কারণে ওই সড়ক থেকে ভারী যানবাহন নিয়ে ওই এলাকাগুলোতে যাওয়া যায় না। এ ছাড়া বর্ষাকালে সেতুটি পানির তোড়ে ভেঙে যায়। আবার কখনো ডুবেও যায়। তখন শিক্ষার্থীদের স্কুল-কলেজ-মাদ্রাসায় যাওয়াও সম্ভব হয় না।

নারায়ণহাটের বাসিন্দারা জানান, গত দুই দশক আগে লোকজনের চাঁদা, মুষ্টিচাল ও ধান সংগ্রহ করে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে কাঠের এই সেতু নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে এটি রক্ষণাবেক্ষণে স্থানীয়ভাবে ইজারা দেওয়া হয়।

নারায়ণহাট বন বিভাগের রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মো. মিনার হোসেন বলেন, ‘কাঠ চোরদের পাকড়াও করতে ওই সেতু পার হতে হয়। এটি দোলনার মতো দোলায় অনেক সময় চোরের দল পালিয়ে যায়।’

নারায়ণহাট বাজারের ব্যবসায়ী মো. শওকত হোসেন বলেন, ‘১৫-২০ বছর ধরে আমরা সেতুর জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো তা হয়নি। ভবিষ্যতে হবে বলে মনে করি না।’ নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন বলেন, ‘হালদা পার হলেই গহিরা-হেঁয়াকো প্রধান সড়ক। কিন্তু সেতু না থাকায় ওই সড়কের সঙ্গে মানুষের সরাসরি কোনো যোগাযোগ নেই। এ বিষয়টি স্থানীয় সাংসদকে অবহিত করা হয়েছে।’

ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, ‘সেতুটি দেখেছি। এটির সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, ‘সেখানে সেতু নির্মাণ করার দাবি দীর্ঘদিনের। ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’