১২ দিনেও গ্রেপ্তার নেই, হিন্দু নেতারাও ভয়ে চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মা ও তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণের মামলার আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের হওয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতারাও চুপ। ফলে বিচার না পাওয়ার শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
১১ জুন ওই মা ও তাঁর মেয়ে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১২ জুন পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের নামে বাউফল থানায় মামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ধর্ষণ ও হয়রানির প্রতিবাদে গত বুধবার বাউফল উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাউফল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এ সময় বক্তাদের কেউই বাউফলে ওই মা-মেয়ে গণধর্ষণের বিষয়টি উল্লেখ করেননি। এমনকি পরিষদের নেতারা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি দেন, তাতেও বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ ওই স্মারকলিপিতে সারা দেশে নির্যাতিত ও খুন হওয়া হিন্দু সম্প্রদায়ের অনেকের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, মা-মেয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের নেতা-কর্মী এবং উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের লোক হওয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনার প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। একই কারণে পুলিশও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করছে না।
ওই পরিবারের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হওয়ায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক নেতার মাধ্যমে রফা করার জন্য নির্যাতিত পরিবারটিকে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ধর্ষকদের পক্ষ নিয়ে মা-মেয়েকে অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করার ষড়যন্ত্র করছে একটি মহল।
জানতে চাইলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাস বলেন, তাঁদের সংগঠনের কোনো নেতা ঘটনাটির রফা করার চেষ্টায় লিপ্ত নন। বুধবারের মানববন্ধনে মা-মেয়ে গণধর্ষণের বিষয়টি উল্লেখ কিংবা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা অবশ্য হয়নি।’ স্মারকলিপিতেও কেন বিষয়টির উল্লেখ করা হয়নি, এমন প্রশ্ন করা হলে জবাব না দিয়েই তিনি ফোন কেটে দেন।
তবে ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার গাঙ্গুলি মা-মেয়েকে ধর্ষণের ঘটনাকে ন্যক্কারজনক ও লোমহর্ষক আখ্যা দেন। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হওয়ায় ধর্ষকদের গ্রেপ্তার করা হচ্ছে না।
মানববন্ধন ও স্মারকলিপিতে মা-মেয়ে গণধর্ষণের বিষয়টি উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছে পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস বলেন, তাঁরা নির্যাতিত মা-মেয়ের পাশে আছেন, থাকবেন। সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস বলেন, ঘটনার ১২ দিন পার হয়ে গেল, অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, ক্ষমতাসীন দলের লোক হলেও রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। মা-মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার সময় এলাকাবাসীর হাতে আটক হওয়া নূর আলম ধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন; পাশাপাশি অন্য আসামিদের নামও আদালতের কাছে প্রকাশ করেছেন। সে অনুযায়ী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় অভিযোগ করা হয়, ওই মা-মেয়ে প্রথমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাউফলের কালাইয়া ইউনিয়নের শৌলা এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে পূর্বপরিচিত হারুন মৃধা (৪০) নামে যুবলীগের এক কর্মী বিকেলে ট্রলারে করে তাঁদের তেঁতুলিয়া নদীতে বেড়াতে নিয়ে যান। সন্ধ্যার দিকে একটি চরে নিয়ে তাঁদের ধর্ষণ করেন হারুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রহিম মীর (৩৪) ও নূর আলম মল্লিক এবং যুবলীগ নেতা সোহেল মৃধাসহ (৩২) ছয় যুবক। একপর্যায়ে তাঁদের চিৎকার শুনে ডাকাত ভেবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নূর আলম মল্লিককে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে নূর আলমকে আটক করে।