নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর নাব্যতাসংকট দূর করতে ও নৌপথ সচল রাখতে দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপথ খননে সাতটি খননযন্ত্র (ড্রেজার) এনেছিলেন। ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ২০০৮ সাল পর্যন্ত কোনো সরকারই খননযন্ত্রের সংখ্যা বাড়াতে পারেনি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৩ বছরে আওয়ামী লীগ সরকার দেশে আরও ৭৩টি খননযন্ত্রের ব্যবস্থা করেছে। দেশে বর্তমানে ৮০টি খননযন্ত্র আছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইসের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না। তারা বাংলার মানুষকে শোষণ ও ক্ষমতা দখলের রাজনীতি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বিশ্ববাসী আজ উন্নয়নকাজের জন্য প্রধানমন্ত্রীকে সম্মান করেন।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবণী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস প্রমুখ ।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে আরিচায় ড্রেজার বেইস নির্মাণকাজ শুরু হয়। বেইস নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। বেইসে তিনতলা অফিস, দোতলা স্টাফ ডরমিটরি ও একটি ওয়ার্কশপ আছে। আরিচায় ড্রেজার বেইস স্থাপনের কারণে আশপাশের বিভিন্ন নৌপথ খননের মাধ্যমে নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণের কাজ করা সম্ভব হবে।