১৩ হাজার হেক্টরে এবার আমন আবাদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার বিল কপালিয়ায় সাড়ে তিন বিঘা (৪২ শতকে বিঘা) জমি আছে কৃষক আলেক সরদারের। সেখানে আমন ধানের চাষ করবেন বলে তিনি এবার বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু তাঁর জমি থেকে পানি নামেনি। ফলে তিনি জমিতে আমনের চারা রোপণ করতে পারেননি।

আলেক সরদারের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার মান্দ্রা গ্রামে। তিনি বলেন, ‘জমিতে এখন কোমরপানি। চার বছর ধরে জমিতে একটিও আমন ধানের চারা লাগাতে পারিনি। ধান না হওয়ায় খুব বিপদে আছি।’

১২ বিঘা (৪২ শতকে বিঘা) জমিতে আমন ধান চাষ করতে না পেরে বিপদে আছেন যশোরের অভয়নগর উপজেলার সড়াডাঙ্গা গ্রামের কৃষক তপন সরকার। তিনি বলেন, ‘জমিতে বছরে দুটি ফসল—বোরো ও আমন ধান হতো। জলের কারণে চার বছর ধরে বিলে কোনো ফসল নেই। এখনো বিলে থই নেই। জমিতে আমন ধান লাগাতে পারিনি। এবার না খেয়ে মরতি হবে।’

জলাবদ্ধতার কারণে আলেক সরদার ও তপন সরকারের মতো যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ভবদহ অংশের বেশির ভাগ কৃষক এবার আমন ধানের আবাদ করতে পারেননি। উপজেলা তিনটির প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে এবার আমন ধানের চাষ হয়নি।

যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ ভবদহ অঞ্চল হিসেবে পরিচিত। ভবদহ অঞ্চলে অন্তত ৫২টি বিল আছে। মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর জোয়ারভাটার সঙ্গে বিলগুলোর পানি ওঠা–নামা করে। কিন্তু পলি পড়ায় নদীগুলো নাব্যতা হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এ অবস্থায় বর্ষা মৌসুমে পানি আটকা পড়ে ভরে ওঠে বিল।

অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা তিনটির ভবদহ অঞ্চলে কৃষক আছেন প্রায় ৫০ হাজার। ওই অঞ্চলে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হতো। চলতি আমন মৌসুমে উপজেলা তিনটির প্রায় ১৩ হাজার ২৬৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়নি। সূত্র জানায়, জুলাইয়ের শুরু থেকে মধ্য অক্টোবর পর্যন্ত আমন মৌসুম। আমন ধানের চারা রোপণের সময়কাল মধ্য জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

গত বুধবার ভবদহ অঞ্চলের বিল বোকড়, বিল কেদারিয়া, বিল কপালিয়া, বিল গান্ধিমারা ও বিল পায়রা ঘুরে দেখা গেছে, বিলগুলোতে শুধুই অথই পানি। বিলের কোথাও কোনো ধানখেত চোখে পড়েনি। মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের কৃষক পঞ্চানন সরকার বলেন, ‘আমার ছয় বিঘা (৪২ শতকে বিঘা) ধানের জমি আছে। জমিতে এখনো কোথাও কোমরসমান আরও কোথাও বুকসমান জল। চার-পাঁচ বছর কোনো ধানের মুখ চোখে দেখিনি।’

মনিরামপুর কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর, দূর্বাডাঙ্গা, হরিদাসকাটি, ঢাকুরিয়া ও শ্যামকুড় ইউনিয়ন—এই সাতটি ইউনিয়ন এ অঞ্চলে পড়েছে। এখানে আমন চাষের জমি আছে প্রায় ৮ হাজার হেক্টর। জলাবদ্ধতার কারণে এবার প্রায় ৫ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়নি।

অভয়নগর কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা—এই চারটি ইউনিয়ন ভবদহ অঞ্চলে পড়েছে। ইউনিয়ন চারটিতে ৮ হাজার ৫২৪ হেক্টর জমিতে আমন ধানের চাষ হতো। চার-পাঁচ বছর ধরে জলাবদ্ধ থাকায় ৫ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে না।

কেশবপুর কৃষি বিভাগ সূত্র জানায়, সুফলাকাঠি, পাঁজিয়া, মঙ্গলকোট ও গৌরিঘোনা—উপজেলার এই চারটি ইউনিয়ন ভবদহ অঞ্চলে পড়েছে। ইউনিয়ন চারটির বিলগুলো চার-পাঁচ বছর ধরে জলাবদ্ধ রয়েছে। ফলে এবার দুই হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়নি।

পানি উন্নয়ন বোর্ড, যশোরের কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম বলেন, গত জানুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে ভবদহে ২০টি পাম্পসেট (সেচযন্ত্র) বসানো হয়েছে। প্রতিটি সেচযন্ত্রের ক্ষমতা ৫ কিউসেক। সেচযন্ত্র দিয়ে পানি সেচ সফল হয়েছে।