১৪ বছর ধরে বাক্সবন্দী জীবাণুমুক্তকরণ যন্ত্র!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ বছর ধরে বাক্সবন্দী পড়ে আছে জীবাণুমুক্তকরণ যন্ত্র। বছরের পর বছর যন্ত্রটি হাসপাতালের বারান্দায় পড়ে থাকায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যকেন্দ্রে অবেদনবিদ না থাকায় শল্যচিকিৎসা হয় না। এ কারণে বন্ধ অপারেশন থিয়েটার (ওটি)। ওটি চালু না থাকায় শল্যচিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণ যন্ত্রটি বাক্স থেকে খোলা হয়নি।
তবে হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, মূল্যবান যন্ত্রটি সচল থাকলে জরুরি বিভাগের কাজে আসত। দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিও থাকত না।
সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের ইসিজি কক্ষের পাশে বারান্দায় পড়ে আছে বাক্সবন্দী জীবাণুমুক্তকরণ যন্ত্রটি। হাসপাতালে আনার পর ১৪ বছর ধরে যন্ত্রটি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, ১৯৬৫ সালে ৩১ শয্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি নির্মিত হয়। এরপর ১৯৯৬ সালে এটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।
২০০৬ সালে এই ক্যাম্পাসে নতুন ভবন নির্মিত হয়। ভবনের দ্বিতীয় তলায় নারী ও শিশু ওয়ার্ড, অপারেশন থিয়েটার, তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ড, নিচতলায় ফার্মেসি ও বহির্বিভাগের চিকিৎসা চলে। পুরো উপজেলার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভা ও পাশের রাউজান উপজেলার লোকজনও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ রোগী জরুরি বিভাগে সেবা নেয়। ২৫০ থেকে ৩০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়। আর অন্তর্বিভাগে গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে জীবাণুমুক্তকরণ যন্ত্রটি ১৪ বছর আগে দেওয়া হয়েছে। এত বড় যন্ত্র হাসপাতালের দ্বিতীয় তলায় ওঠানোর মতো কোনো পথ নেই।
তা ছাড়া অপারেশন থিয়েটারও চালু না থাকায় এটি ব্যবহার হচ্ছে না। অপারেশন থিয়েটার চালু করলে এটি ব্যবহার করা যাবে।