কুষ্টিয়ার কুমারখালী
১৪ মাসেও হয়নি কালভার্ট
গত বছরের ৩১ ডিসেম্বর কাজ শেষ করার কথা ছিল। অথচ এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেক।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৩ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। দুই মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা থাকলেও তা শেষ হয়নি ১৪ মাসেও। ঠিকাদার বলছেন, এখন পর্যন্ত কালভার্টের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। সব কাজ শেষ করতে লেগে যেতে পারে আরও তিন মাস। ঢিমেতালে কাজে দীর্ঘ হচ্ছে পথচারীদের ভোগান্তি।
স্থানীয় পান্টি বাজার থেকে বাঁশগ্রাম বাজার সড়কের চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় কালভার্টটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ঠিকাদারের যেদিন মর্জি হয়, সেদিন কয়েকজন শ্রমিক নিয়ে এসে কাজ করেন। নির্মাণকাজ এলাকায় নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড। নেই দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা। ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে হাজারো মানুষ।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডি ২০২০ সালের অক্টোবরে পান্টি বাজার থেকে বাঁশগ্রাম বাজার সড়কের কাঁচিকাটা এলাকায় ৩ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের বক্স কালভার্ট তৈরির অনুমোদন দেয়। এতে ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ১২ হাজার ১৯৫ টাকা। ভেড়ামারা উপজেলার ঠিকাদার নজরুল ইসলাম ২০২০ সালের অক্টোবর মাসে ৬০ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য কার্যাদেশ পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কাজ শেষ করার কথা ছিল। এ সময়ে কোনোমতে অর্ধেক কাজ শেষ হয়েছে।
কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। বেস ঢালাইয়ের পর কিছুদিন কাজের বিরতি থাকে। তাই কাজ বন্ধ আছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর, বাগুলাট ও পান্টি ইউনিয়নের লাখখানেক মানুষের যাতায়াতের জন্য পান্টি বাজার–বাঁশগ্রাম বাজার সড়ক খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া পার্শ্ববর্তী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একাংশের বাসিন্দা কুষ্টিয়া শহরে যেতে এ সড়ক ব্যবহার করে। কালভার্টটির নির্মাণকাজ এসব বাসিন্দাকে ভোগাচ্ছে।
সম্প্রতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, পাকা সড়কের মাঝে গভীর গর্ত করা হয়েছে। সেখানে পানি জমে আছে। পানির ভেতর থেকে কালভার্টের বেস ঢালাই ও রডের মাথা বের হয়ে আছে। সড়কের পশ্চিম অংশে একটি বাঁশ বাঁধা রয়েছে। বাঁশের সঙ্গে আবার লাল রঙের কাপড় বাঁধা। আর উত্তর পাশে বিকল্প জরাজীর্ণ সড়ক নির্মাণ করা হয়েছে। ঝুঁকি নিয়ে সেদিক দিয়ে যান চলাচল করছে, সেখানে ঠিকাদারের লোকজন বা কোনো শ্রমিককে দেখা যায়নি।
নির্মাণাধীন কালভার্টের পাশেই স্বপন শেখের বাড়ি। তিনিও পেশায় একজন ঠিকাদার। নির্মাণকাজে ১৯ বছরের অভিজ্ঞতা তাঁর। স্বপন বলেন, নকশা অনুযায়ী কাজ হচ্ছে না। কাঠাফ ড্রপ ওয়াল ছাড়াই বেস ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের নিচে ৯ ইঞ্চি ফিলিম বালুর বেড করা হয়নি। ঢালাইয়ে নিম্নমানের বালু, খোয়া ও রড ব্যবহার করা হয়েছে। এসবের প্রতিবাদ করায় কালভার্টের কাজ পাওয়া ঠিকাদার পুলিশের ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ স্বপনের।
কালভার্ট নির্মাণকাজের মালামাল দেখাশোনার কাজ করছেন স্থানীয় বাসিন্দা আব্বাস শেখের ছেলে আবদুল মোমিন। পথচারীদের ভোগান্তির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, প্রায় ৩০ দিন কাজ বন্ধ। ঠিকাদার শ্রমিকদের টাকা দেন না। তাই শ্রমিকেরা রাগ করে চলে গেছেন।
ওই রাস্তা দিয়ে চলাচলকারী ইজিবাইকের নিয়মিত যাত্রী সজল মণ্ডল। তিনি বলেন, দুর্ঘটনা ঘটতে পারে, এ জন্য ইজিবাইক থেকে নেমে হেঁটে কালভার্ট এলাকা পার হতে হয়। এক বছরের বেশি সময় দেখছেন কাজ হচ্ছে। কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই।
জলাবদ্ধতায় কাঠাফ ড্রপ ওয়াল ছাড়াই বেস ঢালাই দিয়েছে ঠিকাদার। এখন পর্যন্ত ৫০ শতাংশ সেতুর কাজ সম্পন্ন হয়েছে।
পান্টি ইউনিয়নের রামদিয়া এলাকার ব্যবসায়ী ফরিদ উদ্দিন বলেন, বাঁশগ্রাম বাজার থেকে মালামাল কিনে ভ্যানে চলাচল করেন তিনি। ১৪ মাস পার হলো, তবু কালভার্টের কাজ শেষ হয় না। গাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা হয়।
ঠিকাদার নজরুল ইসলাম বলেন, কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। বেস ঢালাইয়ের পর কিছুদিন কাজের বিরতি থাকে। তাই কাজ বন্ধ আছে। দুই–তিন মাসের মধ্যেই কাজ শেষ করা হবে। পানির কারণে কাঠাফ ড্রপ ওয়াল দেওয়া হয়নি। কাজের মান ভালো হচ্ছে বলে দাবি তাঁর।
উপজেলা প্রকৌশলী আবদুর রহিম বলেন, জলাবদ্ধতায় কাঠাফ ড্রপ ওয়াল ছাড়াই বেস ঢালাই দিয়েছে ঠিকাদার। এখন পর্যন্ত ৫০ শতাংশ সেতুর কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার অসুস্থ থাকায় কাজ বন্ধ আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।