সোমবার থেকে এ বছরের লোডশেডিং শুরু হয়েছে। এখন প্রতিদিনই লোডশেডিং চলছেই।
ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড়। এই গাঙ্গিনারপাড়ে গত সোমবার দুপুরে অন্তত তিনবার লোডশেডিং হয়। গাঙ্গিনারপাড় ছাড়াও নগরের প্রায় সব এলাকায়তেই ওই দিন একাধিবার লোডশেডিং হয়।
গাঙ্গিনারপাড় এলাকার ব্যবসায়ী ও নগরের কয়েকটি এলাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার থেকেই এ বছরের লোডশেডিং শুরু হয়েছে। এরপর প্রতিদিনই দিনে বা রাতের কোনো সময়ে লোডশেডিং চলছেই।
গরমকাল পড়তে না পড়তেই ময়মনসিংহ নগরীর লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের ভাষ্য, ময়মনসিংহ বিভাগেই চাহিদার অনুপাতে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি রয়েছে। যে কারণে গরমকালজুড়েই চলতে পারে এমন লোডশেডিং। এমনকি গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে লোডশডিংও।
ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড়, নতুন বাজার ও চরপাড়া আকুয়া ও সানকিপাড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর গরমকালজুড়েই ছিল ব্যাপক লোডশেডিং। এ বছর গরম পড়তেই আগের বছরের মতোই লোডশেডিং শুরু হয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে। লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবন ও ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে।
গাঙ্গিনারপাড়ের একাধিক ব্যবসায়ী জানান, গত বছর গরমকালজুড়েই ছিল অসহনীয় মাত্রার লোডশেডিং। যে কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছিল। গাঙ্গিনারপাড় এলাকায় রয়েছে ময়মনসিংহের সবচেয়ে বেশি বিপণিবিতান। এ ছাড়া গাঙ্গিনারপাড়ের পাশের ছোট বাজার ও বড় বাজার এলাকা ময়মনসিংহের পাইকারি ব্যবসার কেন্দ্রস্থল। লোডশেডিংয়ে গত বছর ওই সব এলাকার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছিল। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল। পাশাপাশি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলীর সঙ্গে একাধিকবার দেখা করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছিল। তবে তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
ময়মনসিংহের বিদ্যুৎ ঘাটতি নিয়ে আমরা মন্ত্রণালয়কে বারবার বলছি যেন ময়মনসিংহের জন্য বিদ্যুতের সরবরাহ বাড়ানো হয়।মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ বিতরণ কেন্দ্রীয় অঞ্চল
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাট্রির জ্যেষ্ঠ সহসভাপতি শংকর সাহা প্রথম আলোকে গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমরা চাই না লোডশেডিংয়ের গত বছরের ধারাবাহিকতা বজায় থাকুক। করোনায় এমনিতেই ব্যবসায়ীরা ক্ষতির মুখে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আর যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয়।’
জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, উপজেলাগুলোতেও অন্তত ১৫ দিন আগে শুরু হয়েছে লোডশেডিং। বিশেষ করে পল্লী বিদ্যুতের অধীনে গ্রামগুলোতে এ লোডশেডিং বেশি।
বিউবো ময়মনসিংহ বিতরণ কেন্দ্রীয় অঞ্চল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা ছাড়াও বিভাগের বাকি তিন জেলা নেত্রকোনা, জামালপুর ও শেরপুরেও রয়েছে লোডশেডিং। ময়মনসিংহ বিভাগের এ চার জেলায় প্রতিদিন সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৭৮০ মেগাওয়াট। এর মধ্যে ময়মনসিংহ জেলার চাহিদা ৩৬০ মেগাওয়াট। চাহিদার বিপরীতে ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ ৬৪০ মেগাওয়াট। ঘাটতি ১৪০ মেগাওয়াট। যে কারণে ময়মনসিংহ জেলা ও ময়মনসিংহ বিভাগের বাকি তিনটি জেলায় লোডশেডিং হচ্ছে।
ময়মনসিংহ বিতরণ কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর বিদ্যুতের সরবরাহ বাড়ানোর সম্ভাবনা খুব কম। তবে ময়মনসিংহের বিদ্যুৎ ঘাটতি নিয়ে আমরা মন্ত্রণালয়কে বারবার বলছি যেন ময়মনসিংহের জন্য বিদ্যুতের সরবরাহ বাড়ানো হয়।’