যশোরের একমাত্র করোনা ডেডিকেটেড যশোর জেনারেল হাসপাতালে রেড ও ইয়োলো জোন মিলে ১৪২টি শয্যা রয়েছে। এর বিপরীতে রোগী ভর্তি আছেন ২১৬ জন। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে থাকেন মাত্র একজন চিকিৎসক। ফলে রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় যশোর জেনারেল হাসপাতালে রোগী রাখার কোনো জায়গা নেই। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে আরও ৫০টি শয্যা এবং বেসরকারি হাসপাতাল-কিনিকে নতুন করে ১০০টি শয্যা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সংখ্যাও অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ৫ হাজার ১২১ রোগী। শারীরিক অবস্থা খারাপ হলেই কেবল মানুষ হাসপাতালে আসছেন। মোট আক্রান্ত রোগীর ১০ শতাংশও হাসপাতালমুখী হলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার শঙ্কা রয়েছে। করোনা রোগী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি যশোরে নেই।
হাসপাতালের রেড ও ইয়োলো জোনে ২৪ ঘণ্টায় ৩ শিফটে (৮ ঘণ্টা করে) দায়িত্ব পালন করেন চিকিৎসকেরা। প্রতি শিফটে একজন করে চিকিৎসক দায়িত্বে থাকেন। ১৪ দিন পরপর শিফট পরিবর্তন হয়।
পরিস্থিতি সামাল দিতে অন্তত আরও ২০ চিকিৎসক চেয়ে স্বাস্থ্য বিভাগের পরিচালকের (খুলনা) কাছে একটি চিঠি দিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান। গতকাল শনিবার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমানে যশোর জেলায় কোভিড-১৯–এর দুর্যোগ মুহূর্তে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এই হাসপাতালের রেড ও ইয়োলো জোনে প্রতিদিন ৯০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন। এ হাসপাতালের করোনাসহ অন্যান্য রোগী মিলিয়ে সার্বক্ষণিক ৪৫০ জনের বেশি রোগী ভর্তি থাকে। মঞ্জুরিকৃত চিকিৎসকের ৫৫টি পদের মধ্যে ১২টি পদ শূন্য রয়েছে। ৪৩ চিকিৎসক কর্মরত আছেন। একই সময়ে রেড ও ইয়োলো জোনে মাত্র একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসক স্বল্পতার কারণে এ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায় চিকিৎসার মান সমন্নোত রাখতে আরও ২০ চিকিৎসককে পদায়ন দেওয়ার জন্য জোর সুপারিশ করছি।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, রেড ও ইয়োলো জোনে ২৪ ঘণ্টায় ৩ শিফটে (৮ ঘণ্টা করে) দায়িত্ব পালন করেন চিকিৎসকেরা। প্রতি শিফটে একজন করে চিকিৎসক দায়িত্বে থাকেন। ১৪ দিন পরপর শিফট পরিবর্তন হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান বলেন, করোনা প্রাদুর্ভাব দেখা দিলে এ হাসপাতালে রেড জোনে ৪০টি ও ইয়োলো জোনে ১৯টি মিলে ৫৯টি শয্যায় করোনা চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এবার ঈদের পর রোগীর চাপ বাড়তে থাকে। প্রতিদিনই শয্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে রেড জোনে ১২৩টি শয্যা রয়েছে। আরও ৫০ শয্যার একটি ও ইয়োলো জোনে ২৪ শয্যার আরেকটি ওয়ার্ড নতুন করে সংযুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও করোনা রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রেড জোনে ৭ ও ইয়োলো জোনে ১০ জনের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে রেড জোনে ৩৩ ও ইয়োলো জোনে ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
ইয়োলো জোনে বেশি রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, বাড়ি থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় রোগীরা হাসপাতালে আসছেন। হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু হতে না হতেই তাঁরা মারা যাচ্ছেন। একটু আগেই রোগীরা হাসপাতালে এলে এত মৃত্যু বাড়ত না।
এদিকে গতকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্যে ১০০টি শয্যা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রট কাজী সায়েমুজ্জামান সাংবাদিকদের বলেন, শহরের জনতা হাসপাতালে ৩০টি, ইবনে সিনা হাসপাতালে ২০টি, নোভা মেডিকেল সেন্টারে ১৫টি, জেনেসিস হসপাতালে ১৫টি, আধুনিক ও কুইন্স হসপিটালে ২০টি শয্যা রয়েছে। এখন থেকে বেসরকারি এসব হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য ১০০টি শয্যা সংরক্ষিত থাকবে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, বেসরকারি হাসপাতালে করোনা শয্যার জন্য প্রস্তাবিত হাসপাতালগুলো মনিটরিং করে সেখানে দ্রুত কার্যক্রম শুরু হবে। আর এটি মনিটরিং করার জন্য একটি কমিটিও হয়েছে। যশোর জেনারেল হাসাপাতাল থেকে এখানে পাঠানো রোগীদের চিকিৎসা চলবে। এ ক্ষেত্রে অপেক্ষকৃত কম অসুস্থ করোনা রোগীদের বেসরকারি এসব হাসপাতালে পাঠানোর পরিকল্পনা রয়েছে। জনস্বার্থে হাসপাতালগুলো নিজস্ব অর্থায়নে সেখানে পাঠানো করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেবে।