তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের লালপুর ও বাগাতিপাড়ার মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতেই নাটোর-১ আসনের সাংসদ (লালপুর ও বাগাতিপাড়া) শহিদুল ইসলামের বিরোধীরাই নৌকার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে চারজন ছাড়া সবাই বর্তমান চেয়ারম্যান।
আজ শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকায় লালপুর উপজেলা সদর ইউনিয়নে আবু বক্কর সিদ্দীক, ঈশ্বরদীতে আমিনুল ইসলাম, চংধুপইলে রেজাউল করিম, আড়বাবে ইমদাদুল হক, বিলমাড়িয়ায় পারভিন আক্তার বানু, দুয়ারিয়ায় নুরুল ইসলাম, ওয়ালিয়ায় আনিছুর রহমান, দুড়দুড়িয়ায় আবদুল হান্নান, আর্জুনপুর-বরমহাটিতে আবদুস সাত্তার ও কদিমচিলানে সেলিম রেজা নৌকার মনোনয়ন পেয়েছেন।
এর মধ্যে শুধু ঈশ্বরদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংসদ শহিদুল ইসলামের সমর্থিত প্রার্থী। তিনি সাংসদের নেতৃত্বে গঠিত ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বাকিরা সাবেক সাংসদ আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত কমিটির বিভিন্ন পদে রয়েছেন। দলীয় প্রার্থীদের মধ্যে আড়বাব, চংধুপইল ও বিলমাড়িয়ার প্রার্থীরা ছাড়া বাকিরা সবাই বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী বলেন, সাংসদ শহিদুল ইসলাম ১০টি ইউনিয়নে তাঁদের মতামত না নিয়ে নিজের পছন্দের ১০ ব্যক্তিকে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে সাংসদ যে পাঁচজনের নাম ঘোষণা করেছিলেন তাঁদের একজনও দলীয় মনোনয়ন পাননি।
উপজেলার সদর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বাগাতিপাড়া ইউনিয়নে মজিবর রহমান, পাঁকায় মেহেদী হাসান দোলন, জামনগরে আবদুল কুদ্দুস, দয়রামপুরে মাহাবুর ইসলাম ও ফাগুয়াড়দিয়াড়ে জহুরুল ইসলাম। এর মধ্যে মেহেদী হাসান দোলন ছাড়া সবাই বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেহেদী হাসান দোলন উপজেলা কৃষক লীগের সভাপতি।
নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ ব্যাপারে তাঁর বক্তব্য জানার জন্য আজ সন্ধ্যায় তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
লালপুরের ১০টি ও বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।