১৫ কিলোমিটার হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি রাবি শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন খান। আজ রাজশাহী নগরে
ছবি: সংগৃহীত

১৫ কিলোমিটার হেঁটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন খান। মঙ্গলবার সকালে শুরু হওয়া প্রায় সাড়ে তিন ঘণ্টার এই পদযাত্রায় তিনি নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কিছুক্ষণ করে অবস্থান করেন।

ফরিদ উদ্দিন খান বলেন, ‘করোনার শুরুর দিকে আমরা মানববন্ধন করে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছিলাম। কেননা তখন সেটিই প্রয়োজন ছিল। কিন্তু এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কোনো যুক্তি আছে বলে মনে হয় না। তাই দ্রুত আমাদের স্কুল-কলেজগুলো খুলে দেওয়া প্রয়োজন।’

এর আগে রোববার ফরিদ উদ্দিন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘আমি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নীরব থাকতে চেয়েছিলাম। কিন্তু আর পারছি না।’ পোস্টে তিনি জানান, মঙ্গলবার পায়ে হেঁটে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১০ মিনিট করে অবস্থান করবেন।

ঘোষণা অনুসারে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু করেন ফরিদ উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোমিন অংশ নেন। তাঁরা হেঁটে হেঁটে নগরের কাজলা, তালাইমারি ও সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের সামনে কিছুক্ষণ করে অবস্থান করেন।
এরপর তাঁরা বর্ণালীর মোড়, ভদ্রা মোড় হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এসে অবস্থান নেন। সেখান থেকে বেলা পৌনে দুইটার দিকে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে তাঁদের কর্মসূচি শেষ হয়। আধঘণ্টা বিরতিসহ সাড়ে তিন ঘণ্টার এই পদযাত্রায় তাঁরা প্রায় ১৫ কিলোমিটার অতিক্রম করেন। এ সময় তাঁরা ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, শিক্ষাকে বাঁচান, শিক্ষার্থীদের বাঁচান’, ‘ওয়ান টু থ্রি ফোর, শিক্ষাপ্রতিষ্ঠান ক্লোজ নো মোর!’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পদযাত্রা কর্মসূচির ব্যাপারে ফরিদ উদ্দিন খান বলেন, ‘দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। অনেকে হতাশা ও বিষণ্নতায় ভুগছে। এটা অনেককে মাদকের জগতে ঠেলে দিচ্ছে। এভাবে আমাদের নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ হ্রাস, ঝরে পড়ার হার হ্রাসের মতো অগ্রগতিগুলো ধরে রাখা যাবে না।’

ফরিদ উদ্দিন আরও বলেন, সরকার হয়তো শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করছে না। যে কারণে অর্থনীতির জন্য কলকারখানা, পরিবহন, গার্মেন্টস—এসব খুলে দেওয়া হলেও শিক্ষা নিয়ে কথা বলার কেউ নেই। জাতির মেরুদণ্ড শিক্ষাকে বাদ দিলে জাতি পিছিয়ে পড়বে। করোনা-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষায় গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আর দেরি করা ঠিক হবে না।